বর্তমান সরকার এক-এগারোর চেয়েও খারাপ: খালেদা জিয়া
বর্তমান সরকার এক-এগারোর (সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার) চেয়েও খারাপ বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এর জন্য তাদেরও বিচার হবে।
গতকাল মঙ্গলবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।
বিগত আন্দোলনে দলের ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের আর্থিক সহায়তা দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এক-এগারোর কথা তিনি নিজেই উঠিয়েছেন। তিনি তাঁদের শপথে গিয়েছিলেন। বলেছিলেন, এই সরকার তাঁদের আন্দোলনের ফসল। তাহলে তিনি তো বাদ পড়তে পারেন না।’ তিনি বলেন, ‘অন্যায় না করলে ভয় কিসের। তিনি ১১ মাস পরে বের হয়েছিলেন। আর আমি ফাইট করেছিলাম। দেশ ছেড়ে যাইনি। ১ বছর ৮ দিন কারাগারে ছিলাম। আর উনি বিদেশে গিয়েছিলেন।’
এক-এগারোর সময়কার কয়েকজন সামরিক কর্মকর্তার নাম উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘যারা দেশে আছে তারা বহাল তবিয়তে আছে। মাসুদকে (লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন আহমেদ) এক্সটেনশন কে দিয়েছে? উনি যদি এদের কথা মিন করেন তাহলে এদের ধরিয়ে দেখিয়ে দেবেন।’ তিনি বলেন, দেশ এখন মোটেও ভালো নেই। আন্দোলন-সংগ্রাম নেই, তবু প্রতিদিন নেতা-কর্মীদের ধরা হচ্ছে। যারা জামিন পাচ্ছে তাদের কারা ফটকেই আবার গ্রেপ্তার করা হচ্ছে। এই সরকার এক-এগারোর চেয়েও খারাপ। এর জন্য তাদেরও বিচার হবে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, শরীফুল ইসলাম, নজরুল ইসলাম খান, বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, গোলাম আকবর খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।