বর্তমান সরকার ‘নিকৃষ্টতম ফ্যাসিবাদী’: জোনায়েদ সাকি
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে দেশের ইতিহাসের ‘নিকৃষ্টতম ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী’ সরকার বলে আখ্যায়িত করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ওপর অত্যাচার চালিয়ে এই সরকার ক্ষমতায় আছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
‘দেশে গুম-খুন-হত্যা-ধর্ষণ বন্ধ করা, বিকল্প কর্মসংস্থান না করে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধ না করা, জনজীবন রক্ষায় দ্রুততম সময়ে সবার টিকা নিশ্চিত করা, ভোটাধিকারসহ জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে’ গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে।
বড় প্রকল্প দেখিয়ে চোখে ধুলা দিচ্ছে
জোনায়েদ সাকি অভিযোগ করেন, মানুষের জীবনের সংকট সমাধানে ব্যর্থ বর্তমান সরকার বড় বড় প্রকল্প দেখিয়ে লোকের চোখে ধুলা দিচ্ছে। একেকটি প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এসব প্রকল্প থেকে তারা টাকা চুরি করে, বিদেশে পাচার করে আর মানুষকে দাবিয়ে রাখে। এটা তারা পারছে। কারণ, দেশের মানুষের ভোটাধিকার নেই, ফলে সরকারের কোনো জবাবদিহিও নেই।
সরকার সম্পর্কে সাকি বলেন, ফ্লাইওভার, পদ্মা সেতু, মেট্রোরেল আর দুই-একটা বিদ্যুৎ কারখানা দেখিয়ে এই সরকার বলছে যে তারা উন্নয়নে দেশ ভাসিয়ে দিচ্ছে। জনগণের করের পয়সায় কোটি কোটি টাকার বাজেট হয়। ঋণ করে তারা যে উন্নয়ন বাজেট বানায়, সেটাও জনগণের করের পয়সায়। কর থেকেই সেই ঋণ শোধ করা হয়। তিনি আরও বলেন, একটা সরকার জনগণের পক্ষে কি না, তার প্রমাণ পাওয়া যায় প্রকল্পগুলোতে কতটা এমন পরিকল্পনা বা অগ্রাধিকার ঠিক করা হলো, যাতে শেষ পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি সুবিধা পাবে, কত কম ব্যয়ে ভালো প্রকল্প করা যায়, তার ওপর।
সরকার ভাগবাঁটোয়ারার ক্ষেত্রে বেশ গণতান্ত্রিক
সরকারের বিরুদ্ধে জনগণের অর্থ লুটপাটের অভিযোগ তুলে জোনায়েদ সাকি বলেন, ৮-১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু ৯০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। ইউরোপ-আমেরিকায় ২৫-২৭ কোটি টাকায় ১ কিলোমিটার রাস্তা করা যায় আর বাংলাদেশে গড়ে ৬০-৭০ কোটি টাকা লাগে। কোনো কোনো ক্ষেত্রে ১০০ কোটি টাকাও ছাড়িয়ে যায়। বাংলাদেশে উন্নয়ন ব্যয় ভয়াবহভাবে বেশি। এই সরকার ভাগবাঁটোয়ারার ক্ষেত্রে বেশ গণতান্ত্রিক, সবার ক্ষেত্রে সাম্য চালু করতে চায়। সেটা হচ্ছে দুর্নীতির পয়সার ভাগবাঁটোয়ারা ওপর থেকে নিচ পর্যন্ত দেওয়া, যদিও সমানভাবে দেয় না। ওপরওয়ালারা অনেক বেশি খাবে, তলায় অল্প কিছু ছড়িয়ে-ছিটিয়ে দিয়ে সবার নৈতিক জায়গা ধ্বংস করে দেয়, যাতে কেউ প্রতিবাদ করতে না পারে। এই হচ্ছে তাদের উন্নয়ন।
ইসি জনগণের সঙ্গে দ্বিগুণ তামাশা করছে
কর্মহীন অনেক মানুষ ব্যাটারিচালিত রিকশা বা সাধারণ রিকাশা চালিয়ে যখন কোনোরকমে তাঁদের পেটের ভাত জোগাড় করছেন, তখন এই সরকার পুলিশ বাহিনী ও প্রশাসনকে দিয়ে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে মানুষের পেটে লাথি মারার ব্যবস্থা করেছে বলে অভিযোগ করেন জোনায়েদ সাকি। দ্রুততম সময়ে ১০ কোটি মানুষের করোনার টিকা নিশ্চিত করার দাবি জানান তিনি। নির্বাচন কমিশনের সমালোচনা করে সাকি বলেন, নির্বাচন কমিশন এই করোনার মধ্যেও সব নির্বাচন আয়োজন করেছে। নির্বাচন এখন এমনিতেও তামাশা, তারপরও তারা জনগণের সঙ্গে দ্বিগুণ তামাশা করছে।
গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর শাখার সভাপতি মনিরউদ্দিন পাপ্পুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমন্বয়কারী তাসলিমা আখতার ও সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।