বর্তমান সরকারের আমলে কেউ নিরাপদ নয়: বিএনপি নেতা সালাম

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণমঞ্চ’ আয়োজিত মানববন্ধনছবি: দীপু মালাকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকারের আমলে কেউ নিরাপদ নয়।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে আবদুস সালাম এ কথা বলেন। ‘গণমঞ্চ’ নামে একটি সংগঠন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শিরোনাম ‘আমি ভোট দিতে চাই’।

বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকারের আমলে কোনো ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পেশাজীবী—কেউ নিরাপদ নয়।’

সরকারের উদ্দেশে আবদুস সালাম বলেন, ‘আপনারা ক্ষমতায় আছেন, আপনারা দায়িত্বে থাকাকালে কোথাও যদি কোনো গোলযোগ হয়, তার দায়দায়িত্ব আপনাদেরই নিতে হবে।’

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বলেন, সারা দেশকে বিভক্ত করে ফেলা হয়েছে। একটা বিভক্ত জাতি কখনো সামনের দিকে এগোতে পারে না।

আবদুস সালাম বলেন, আজকে একটা দল ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছুকে দলীয়করণ করে ফেলেছে। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা বলছেন, তাঁরা রাজনৈতিক চাপের কারণে সঠিকভাবে কাজ করতে পারছেন না। পুলিশকে যেহেতু রাজনৈতিক চাপে থাকতে হয়, তাই তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। সে কারণেই আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি। তাই আমরা চাই, ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটবে।’

আবদুস সালাম বলেন, মানুষকে কথা বলার অধিকার দিতে হবে। প্রতিনিধি নির্বাচন করার অধিকার দিতে হবে। মানুষ যদি ভোট দিতে পারেন, দেশে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে কোনো সমস্যা থাকবে না।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বলেন, অনেকে বিএনপিকে উসকে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বিএনপি বুঝেশুনে পা দেবে।

আয়োজক সংগঠনের সমন্বয়ক কে এম রকিবুল ইসলাম কর্মসূচি পরিচালনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, অধ্যক্ষ সেলিম মিয়া, বিএনপির নেত্রী আরিফা সুলতানা প্রমুখ।