সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে গতকাল বুধবার অনুষ্ঠিত বর্ধিত সভা থেকে তিন সাংসদসহ বেশ কয়েকজন নেতা বের হয়ে গেছেন। সভায় বক্তব্য দেওয়ার জন্য এক নেতার নাম ঘোষণা করায় তাঁরা বের হয়ে যান।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৯ বছর পর ২৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। সম্মেলন সামনে রেখে গতকাল বুধবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বর্ধিত সভা আহ্বান করে জেলা আওয়ামী লীগ।
বেলা সাড়ে ১১টায় জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের সঞ্চালনায় সভা শুরু হয়। সভা শুরুর আধা ঘণ্টা পর সেখানে যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আপ্তাব উদ্দিন আহমদ, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ ও জেলা কমিটির সহসভাপতি মহিবুর রহমান, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ও ধরমপাশা উপজেলা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ এবং জেলা কমিটির মহিলাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার বেগম, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবিরসহ জেলা কমিটির আরও কয়েজন নেতা। একপর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য দোয়ারাবাজার উপজেলা কমিটির আহ্বায়ক হিসেবে ফরিদ আহমদের নাম ঘোষণা করলে সাংসদ মহিবুর রহমান এর প্রতিবাদ জানিয়ে বলেন, ওই উপজেলার আহ্বায়ক ইদ্রিস আলী বীর প্রতীক। কিন্তু ফরিদ আহমদকে এরপরও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় তাঁরা (সভায় পরে যোগ দেওয়া তিন সাংসদ ও নেতারা) মিলনায়তন থেকে বের হয়ে আসেন।
পরে সুনামগঞ্জ জেলা পরিষদের রেস্টহাউসে সংবাদ সম্মেলন করে সাংসদ মহিবুর রহমানসহ অন্য নেতারা অভিযোগ করেন, ১৯ বছর পর জেলা সম্মেলন হচ্ছে। এতে নেতা-কর্মীরা উজ্জীবিত। কিন্তু বিভিন্ন উপজেলা কমিটি ঘোষণা দেওয়া হয়েছে অগঠনতান্ত্রিকভাবে। বর্ধিত সভায় দলের অনেক ত্যাগী-পরীক্ষিত নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।
সংবাদ সম্মেলনে সাংসদ মহিবুর রহমান বলেন, ‘জেলার দোয়ারাবাজার উপজেলা কমিটি দলীয় সভানেত্রীর করা। অথচ সেই কমিটির আহ্বায়ককে বাদ দিয়ে আরেকজনকে আহ্বায়ক বলা হচ্ছে। সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হকের নামোল্লেখ করে তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যার বিচারের বিরোধিতার অভিযোগ আছে। তিনি দল থেকে বহিষ্কৃত। অথচ সভায় গিয়ে দেখি তিনি মঞ্চে, আমরা বিস্মিত হয়েছি। পরে আমরা ওয়াকআউট করি।’
আওয়ামী লীগ নেতা আপ্তাব উদ্দিন আহমদ বলেন, ‘অনেক আশা নিয়ে আমরা বর্ধিত সভায় গিয়েছিলাম। কিন্তু আমরা যথাযথ সম্মান পাইনি। জেলা সম্মেলন সফল করতে আগামীকাল (আজ) সবাইকে নিয়ে প্রেসক্লাবে বর্ধিত সভা ডেকেছি। আমরা চাই দলের ত্যাগী-পরীক্ষিত নেতারাই সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে আসুক।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান বলেছেন, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। ৬০ জনের মধ্যে ৫২ জন উপস্থিত ছিলেন। অতীতে সুনামগঞ্জে কোনো বর্ধিত সভা এতটা সফল হয়নি। দোয়ারাবাজার উপজেলা কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে বিষয়টি জানিয়েছি। আমরা বলেছি, তিনি যে সিদ্ধান্ত দেবেন, আমরা সেটা মেনে নেব। এরপরও তাঁরা সভায় থাকেননি।’ সৈয়দ রফিকুল হকের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।