বর্বরতার সীমা ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে রোহিঙ্গা নিধন ও তাদের দেশ থেকে বিতাড়িত করা সব ধরনের বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে। রোহিঙ্গারা শত শত বছর ধরে সেখানে বসবাস করছে। তারপরও সামরিক সরকার তাদের নাগরিকত্ব বাতিল করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে। এরই ধারাবাহিকতায় এখন হাজারো রোহিঙ্গাকে বর্বরোচিতভাবে হত্যা করা হচ্ছে।

গতকাল শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলাদেশ লেখক ঐক্য’ আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, বহুকাল ধরে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের ধর্মান্ধ-মৌলবাদী বৌদ্ধরা ধর্মীয় সহিংসতা ও বর্ণবাদী বিদ্বেষ ছড়িয়ে নিপীড়ন করে আসছে। বর্তমানে তা জঙ্গিরূপ পেয়েছে। এই নিপীড়নের গতি বাড়াতে সু চির পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বক্তারা এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত ও চীনসহ বিশ্বের সব দেশের কাছে আহ্বান জানান, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে এই ‘গণহত্যা’ বন্ধ ও নিজের দেশে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করে।

প্রতিবাদ সভায় বাংলাদেশ লেখক ঐক্যের সভাপতি রাখাল রাহা, সহসভাপতি আরশাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক শওকত হোসেন, প্রচার সম্পাদক আলমগীর খান, প্রাবন্ধিক হাসান ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি এইচ হাবীব, কবি ও গবেষক শেখ বাতেন, ভাস্কর রাশা, কবি চঞ্চল আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম প্রমুখ উপস্থিত ছিলেন।