বল এখন শাসক দলের কোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বল এখন শাসক দলের কোর্টে।’ গত ১৯ মার্চ বিএনপির জাতীয় সম্মেলনে নিজের দেওয়া বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ‘তারা (সরকার) সংঘাতের পথ ছেড়ে সংলাপের পথে সমস্যার সমাধান করবে বলে আমি আশা করি।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০-দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের (একাংশ) কেন্দ্রীয় সম্মেলনে খালেদা জিয়া এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘যে অসুস্থ রাজনৈতিক ধারা এ দেশে চালু করা হয়েছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিএনপির কাউন্সিলে দেশের সার্বিক পরিস্থিতি ও সর্বশেষ রাজনৈতিক অবস্থা আমি তুলে ধরেছি। এ সমস্যা ও সংকট থেকে বেরিয়ে আসার একটা পথ-নির্দেশনাও তুলে ধরেছি। সেই লক্ষ্য নিয়ে আমরা এখন একটি ভিশন ও কর্মসূচি চূড়ান্ত করার কাজ করে যাচ্ছি।’
খালেদা জিয়া বলেন, তাঁদের ঘোষিত রূপকল্প ও কর্মসূচিতে আলেম সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের সমস্যা সমাধানের ব্যবস্থা থাকছে।
খালেদা জিয়া বলেন, এখন যারা ÿক্ষমতায় আছে তারা অন্য ধর্মের নাগরিকদের ভোটই শুধু চায় না, তাদের সহায়-সম্পদও তারা দখল করে নিচ্ছে। তিনি বলেন, ধর্মপ্রাণ মানুষ এবং আলেম সম্প্রদায় নানাভাবে নিগৃহীত ও হেনস্তার শিকার হচ্ছেন। অন্য ধর্মের লোকদেরও কোনো নিরাপত্তা নেই। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।
‘ইসলাম শান্তির ধর্ম’ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘কিছু বিপথগামী লোক সন্ত্রাস, প্রতিহিংসা ও নিষ্ঠুরতার পথ বেছে নিয়ে আজ বিশ্বব্যাপী মুসলমানদের অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। বাংলাদেশেও পবিত্র ইসলামের নামে বিপথগামী সন্ত্রাসী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে আমরা তাদের কঠোর হাতে দমন করতে পেরেছিলাম। আমাদের সেই অভিযানে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আশা করি, আপনাদের এই দৃঢ় ভূমিকা ভবিষ্যতে আরও জোরদার হবে।’
খালেদা জিয়া দেশের চরম সংকট উত্তরণে আলেম সমাজকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অত্যাচারী শাসকের সামনে স্পষ্ট কথা বলাও উত্তম জিহাদ। এই ঢাকার রাজপথেও ওলামা-মাশায়েখ, হাফেজ ও মাদ্রাসার গরিব শিক্ষক-ছাত্রদের রক্ত ঝরেছে। সেই ত্যাগ যেন বৃথা না যায়।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি ২০-দলীয় জোট থেকে বেরিয়ে যায় আবদুল লতিফ নেজামী ও মুফতি ফয়জুল্লাহর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের মূলধারাটি। তখন দলের জ্যেষ্ঠ নেতা আবদুর রকিবের নেতৃত্বে একটি অংশ বিএনপি জোটে থেকে যায়।
সে ঘটনার প্রতি ইঙ্গিত করে সম্মেলনে খালেদা জিয়া বলেন, ‘লোভ ও ভয়ের মুখে ইমান নষ্ট না করে আপনারা যাঁরা ইসলামী ঐক্যজোটের পতাকা সমুন্নত রেখেছেন তাঁদের ধন্যবাদ।’
সভাপতির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের সভাপতি আবদুর রকিব দ্বিধাবিভক্তি ছেড়ে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাতের অন্ধকারে কিছু টাকায় বেচাকেনা হলে একদিন আল্লাহর কাছে এর জবাব দিতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির নূর হোসাইন কাসেমী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম প্রমুখ।