বলাবলি হচ্ছে, ভারত সফর সামনে রেখে জঙ্গিবাদ কি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক জঙ্গি তৎপরতার ঘটনা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জনগণ বলাবলি শুরু করেছে ভারত সফর সামনে রেখে এগুলো হচ্ছে কি না।’
গতকাল বুধবার দুপুরে রাজধানীর কচিকাঁচার মেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রর্দশনী অনুষ্ঠানে খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর আয়োজন করে।
খন্দকার মোশাররফ বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর সরকার দাবি করেছিল, তারা জঙ্গি নির্মূল করতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন, তাহলে জঙ্গিবাদের একটি ঘটনা শেষ না হতেই আরেকটি ঘটনা কিভাবে হচ্ছে। জনগণ বলাবলি শুরু করেছে, ভারত সফর সামনে রেখে প্রধানমন্ত্রী এগুলো করছেন কি না। অনেকে আজকে সন্দেহের চোখে দেখছে।
প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা চুক্তির কথা উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘বাংলাদেশের তিন দিক থেকেই ভারত আমাদের প্রতিবেশী। তাহলে আমাদের প্রতিরক্ষা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে কোন দিক থেকে—প্রধানমন্ত্রী এখনো অবহিত করেননি।’
গণতন্ত্র দিন, জঙ্গিবাদ চলে যাবে
গতকাল বিকেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগের একার পক্ষে জঙ্গিবাদ দমন করা সম্ভব হবে না। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘গণতন্ত্রকে ফিরিয়ে দিন জঙ্গিবাদ এমনিতেই চলে যাবে। আহ্বান করে কাজ হবে না, উচিত হবে উদ্যোগ গ্রহণ করা। সরকারকেই সে উদ্যোগ নিতে হবে।’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।