বসন্তের কোকিলদের সংশোধন হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের সব কোন্দল মিটিয়ে ফেলার তাগিদ দিয়ে বলেছেন, বসন্তের কোকিলদের সংশোধন হতে হবে। এ ব্যাপারে কোনো আপস করা হবে না। গতকাল শনিবার বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সম্মানে সংবর্ধনা ও জনসভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমার কোনো গ্রুপ নেই। আমি নেত্রীর গ্রুপ। শেখ হাসিনা যা বলবেন তা-ই করব।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি লেগে থাকার বিষয়। হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যাওয়ার নাম রাজনীতি নয়। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। দুই বছর পর জাতীয় নির্বাচন হবে। ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

জনসভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের কথা মানায় না। গণতন্ত্রের নামে তিনি যে রক্তের হোলিখেলা চালিয়েছেন, সেই গণতন্ত্র জনগণ চায় না।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ আবদুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।