বসুরহাটে বিএনপির 'বিকল্প' প্রার্থী
কৌশল হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে দল মনোনীত প্রার্থীর পাশাপাশি বিএনপির আরও একজন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী দল মনোনীত মেয়র পদপ্রার্থী। আর একই কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ওরফে রিপন হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। দলীয় সূত্রের ভাষ্যমতে, নির্বাচনের কৌশল হিসেবে তাঁকে বিকল্প প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, নির্বাচনে প্রার্থিতা নিয়ে কামাল উদ্দিন চৌধুরী ও মাহমুদুর রহমানের নাম আলোচনায় ছিল। কামাল উদ্দিন চৌধুরী প্রথমদিকে নির্বাচনে অংশ নিতে রাজি হননি। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে তিনি প্রার্থী হন।
সূত্র আরও জানায়, ঢাকায় দলের প্রার্থী চূড়ান্ত করার সময় মাহমুদুর রহমানকে স্বতন্ত্র প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে কামাল উদ্দিন কোনো কারণে নির্বাচনে লড়তে না পারলেও দলের একজন নেতা লড়াইয়ে থাকতে পারেন। তা ছাড়া কামাল উদ্দিন নির্বাচনে থাকলেও ভোটকেন্দ্রে নিজেদের পক্ষে একজন এজেন্ট বেশি পাওয়ার বিষয়টিও মাথায় ছিল দলীয় নেতাদের।
দলের মনোনীত প্রার্থী থাকার পরও স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় নেতাদের পরামর্শেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। দল বললে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম বলেন, মাহমুদুর রহমানকে বিকল্প হিসেবে প্রার্থী করা হয়েছে। যাতে কোনো কারণে মূল প্রার্থী নির্বাচন করতে না পারলে দলের কেউ একজন লড়াইয়ে থাকতে পারেন। তিনি বলেন, বিকল্প প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবেন িক না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
বিএনপির ‘বিকল্প’ প্রার্থী প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান বলেন, ‘বিএনপির বিকল্প প্রার্থী নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমরা আমাদের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। আশা করছি, গতবারের মতো এবারও আমাদের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।’