বহিষ্কার ও নোটিশে ক্ষোভ, অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই নেতাকে বহিষ্কার ও দুই নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়ায় বান্দরবান জেলা বিএনপিতে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে জেলা বিএনপি দুটি ধারায় বিভক্ত। পৌর নির্বাচনে দুই পক্ষ এক হয়ে কাজ শুরু করলেও ভোটের কয়েক দিন আগে বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশকে ঘিরে আবার বিভক্তি তৈরি হয়েছে। ভোটের ফলেও এর প্রভাব পড়ে। এ অবস্থায় জেলা কমিটির একটি অংশ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে নিজেদের ক্ষোভের কথা জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
বান্দরবান জেলা বিএনপি দীর্ঘদিন ধরে জেরি-আজিজ (জেলা সভাপতি সাচিং প্রু জেরি ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান) এবং জাবেদ-মাবুদ (জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও মেয়র প্রার্থী জাবেদ রেজা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ) এই দুটি ধারায় বিভক্ত। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও অজানা নয় বলে জানান নেতা-কর্মীরা।
জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রশিদ বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে পরামর্শ না করেই পৌরসভা নির্বাচনের দুই দিন আগে জেলার দুই নেতাকে বহিষ্কার ও দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। পৌরসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত আত্মঘাতী হয়েছে। এসব বিষয় চেয়ারপারসনের কাছে তাঁরা তুলে ধরবেন।
জেরি-আজিজ পক্ষের নেতাদের অভিযোগ, পৌরসভা নির্বাচনে জাবেদ-মাবুদ পক্ষের প্ররোচনায় জেলা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক মশিউর রহমান, ক্রীড়া-বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে জেলা বিএনপির সহসভাপতি ও বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নেতা-কর্মীরা ভালোভাবে নেননি। এ অবস্থায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ভোটের ফলাফলে তৃতীয় হয়েছেন।
পৌরসভা নির্বাচনের দুদিন আগে ২৭ ডিসেম্বর বহিষ্কৃত ও কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা কর্মী-সমর্থকদের নিয়ে বিএনপির মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে ঝাড়ুমিছিল ও সমাবেশ করেন। সমাবেশে তাঁরা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে কেন্দ্রীয় কিছু নেতাকে প্রভাবিত করে জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন পাইয়ে দেওয়া হয়। তাঁর নাম জেলা কমিটি প্রস্তাব করেনি।
এ বিষয়ে জাবেদ রেজা বলেন, তিনি কেন্দ্রীয় দপ্তরে নির্বাচন নিয়ে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবেন। এর আগে এ বিষয়ে কিছু বলবেন না।
তবে বিএনপির চট্টগ্রাম বিভাগে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার বলেন, কাউকে বহিষ্কার ও নোটিশ প্রদানে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এ নিয়ে কারও অভিযোগ থাকলে কেন্দ্রীয় কমিটির কাছে তা তুলে ধরতে পারেন।