বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রীকে লাঞ্ছনা, ছিনতাই ও মারধরের ঘটনায় আজীবন বহিষ্কৃত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করাসহ তিন দফা দাবি জানিয়েছেন তাঁরা।

ছাত্রলীগের বহিষ্কৃত নেতা-কর্মীদের দায়ের করা রিটের রায়ের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানিয়ে দাপ্তরিক আদেশ জারি করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ, বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে দেখা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার দাবি জানান। একই সঙ্গে ছাত্রলীগের ওই পাঁচ নেতা-কর্মীকে আবাসিক হলে অবস্থান করতে না দেওয়া এবং ভুক্তভোগী ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আবিদ সরকার বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে আমরা উপাচার্যের কাছে তিন দফা দাবি জানিয়েছি। তিনি আমাদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।’

ছাত্রী লাঞ্ছনা, ছিনতাই ও মারধরের অভিযোগে গত বছরের ২৩ মে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নিশাত ইমতিয়াজ, ছাত্রলীগের কর্মী নৃবিজ্ঞান বিভাগের আবদুর রহমান ইফতি ও নুরুল কবির, শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক নাফিজ ইমতিয়াজ, ভূগোল ও পরিবেশ বিভাগের রাকীব হাসানকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়।

গত বছরের শেষের দিকে বহিষ্কারাদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ছাত্রলীগের এই নেতা-কর্মীরা। শুনানি শেষে গত ২০ মার্চ একটি বেঞ্চ এ বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করেন।