বহিষ্কারের পরও আলোচনায় আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাঁচ ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এরপরও সাধারণ ভোটার ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আলোচনায় আছেন বিদ্রোহীরা।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় দফায় ৩১ মার্চ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে গৌরীপুর, অচিন্ত্যপুর, সহনাটি, রামগোপালপুর ও ভাংনামারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
ওই পাঁচ ইউনিয়নের বেশ কয়েকজন ভোটার ও তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী থাকায় মনোনয়ন পাওয়ার পরও আওয়ামী লীগের প্রার্থীরা চিন্তায় পড়ে যান। ইতিমধ্যে দল থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে।
এ অবস্থার মধ্যেই গৌরীপুর ও সহনাটি ইউনিয়নে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৪ মার্চ প্রতীক বরাদ্দের দিন গৌরীপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান হজরত আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ১৫ মার্চ উভয় পক্ষ গৌরীপুর থানায় পাল্টাপাল্টি মামলা করে। মামলায় আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়। গৌরীপুর ইউনিয়নে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম। দুই বিদ্রোহী প্রার্থী থাকায় বিপাকে আছেন দলীয় প্রার্থী।
হজরত আলী বলেন, ‘আমি দল মনোনীত প্রার্থী। আমার কর্মীদের মারধর করেছেন আনোয়ার হোসেনের সমর্থকেরা। তারপরও আমি মনে করি, এসব বিষয় নির্বাচনে প্রভাব ফেলবে না। দলীয় প্রার্থীকে ভোটাররা ভোট দেবেন।’ আনোয়ার হোসেন বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলাম। কিন্তু দল থেকে মনোনয়ন পাইনি। ভোটাররা আমার সঙ্গে থাকায় আমি নির্বাচনে আছি।’
১১ মার্চ সহনাটি ইউনিয়নে প্রার্থী দুলাল আহমেদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয়। দুলাল আহমেদ বলেন, ‘আমি আওয়ামী লীগের সমর্থক। তাই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যপদ দেওয়া হয়েছিল। নির্বাচনের আগে আবার বাতিল করা হয়। এরপর আমি আর দলের মনোনয়ন চাইনি। তারপর আমাকে অনেকেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ধরে নিয়েছেন।’