সংগঠনবিরোধী কর্মকাণ্ড আর নানা অপকর্মের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অনেক নেতা-কর্মীকে বিভিন্ন সময়ে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করা হলেও এর একটিও কার্যকর হয়নি। এর ফলে সেসব নেতা-কর্মী রাজনীতিতে সক্রিয়ই থেকে গেছেন। তাঁদের কেউবা নতুন করে জড়িয়েছেন অন্য বিতর্কে।
ছাত্রলীগের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বহিষ্কারের সুপারিশ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে পাঠিয়েই দায় শেষ করে ছাত্রলীগ, যা আর কেন্দ্র পর্যন্ত পৌঁছায় না। ফলে সুপারিশও কখনো বাস্তবায়িত হয় না।
১৩ জুন রাতে রাজশাহীতে বেড়াতে আসা ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে রাজশাহী কলেজের এক ছাত্রীর সঙ্গে জোর করে বিয়ে দেন কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী। এরপর তাঁরা চাঁদার জন্য ওই ছাত্রকে প্রায় ২৪ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ ও সহসভাপতি আয়াতুল্লাহ বেহেস্তিকে কেন্দ্রীয় কমিটির কাছে বহিষ্কারের সুপারিশ করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির কাছে কোনো সুপারিশই পাঠানো হয়নি।
এর আগে গত বছরের ১৫ জুলাই দুই নেতার মধ্যে মারামারির ঘটনায় কাউসার আহমেদকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়। কিন্তু তারপরও কাউসার সক্রিয়ভাবে রাজনীতি করে আসছেন। ওই একই ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমানকেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল।
জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল বলেন, ‘সারা দেশ থেকেই অনেক সুপারিশ আসে। নির্দিষ্টভাবে এখন এগুলো খেয়াল নেই।’ তিনি বলেন, ‘১৩ জুনের ঘটনায় কয়েকজনকে বহিষ্কারের সুপারিশের ব্যাপারটি আমাকে ফোনে জানানো হয়েছে। মেইল এখনো দেখিনি।’
চলতি বছরের ৯ জুন তুচ্ছ কারণে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়কে পিটিয়ে পা ভেঙে দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক সাদ্দাম হোসেন ওরফে সজীব ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় সজীবকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলেও সেই সুপারিশ কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়নি বলে খোঁজ নিয়ে জানা যায়।
২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে ছাত্রলীগের দুই নেতা-কর্মীর মধ্যে মারামারি হয়। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী হজরত আলী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেনকে বহিষ্কারের সুপারিশ করা হয়। গত বছরের ১৯ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যায়ে বেড়াতে আসা এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও সহসম্পাদক মিজানুর রহমানকে বহিষ্কারের সুপারিশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গত বছরের ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গণযোগাযোগ-বিষয়ক সম্পাদক আজহারুল ইসলামকে বহিষ্কারের সুপারিশ করা হয়। এর কয়েক দিন আগে এক ছাত্রীকে মারধরের ঘটনায় বহিষ্কারের সুপারিশ করা হয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ওবায়দুল হক ওরফে কায়েসকে। কিন্তু এর একটিও এখন পর্যন্ত কার্যকরের তথ্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদকের মাধ্যমে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রীয় কমিটির দপ্তরে পাঠানোর নিয়ম থাকলেও তা করা হয় না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘সর্বশেষ ঘটনায় আমি কোনো চিঠি পাঠাইনি। সভাপতি পাঠিয়েছেন কি না জানি না।’ এর আগে কার কার সুপারিশের চিঠি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘এই মুহূর্তে মনে করতে পারছি না।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের দাবি, সুপারিশ কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। সর্বশেষ ১৩ জুনের ঘটনায় কয়েকজনকে বহিষ্কারের সুপারিশও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রাশেদুল ইসলাম বলেন, ‘বহিষ্কারের ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্র মানা হয় না, এটা দুঃখজনক। শুধু নামেই বহিষ্কারের সুপারিশ করা হয়। আসলে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে কোনো সুপারিশই করা হয় না। এতে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।’
ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউকে সংগঠন থেকে বহিষ্কার বা কারও পদ স্থগিত বা কাউকে বহিষ্কারের সুপারিশ করা হলে তাঁকে সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সংগঠনের বেশ কয়েকজন নেতা বলেন, দলীয় কর্মসূচিতে বহিষ্কারের জন্য সুপারিশ করা নেতা-কর্মীরাই থাকছেন সামনের কাতারে।