উপাচার্যের দপ্তরে প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া ছাত্রলীগের তিন নেতার পক্ষে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে ওই তিন নেতার বহিষ্কারাদেশ তুলে নেওয়ার দাবি জানানো হয়।
২০১৪ সালের ২৮ আগস্ট উপাচার্যের দপ্তরের অপেক্ষমাণ কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনিরকে মারধর করেন ছাত্রলীগের তিন নেতা। ওই তিন নেতা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এস এম তৌহিদ আল হোসেন, সহসভাপতি ও ফিশারিজ বিভাগের তন্ময়ানন্দ অভি এবং শহীদ হবিবুর রহমান হলের সভাপতি ও ফিশারিজ বিভাগের শিক্ষার্থী মামুন-অর-রশীদ। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তৌহিদকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। আর ঘটনার দুই দিন পর উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বিশেষ ক্ষমতাবলে জড়িত তিনজনকে সাময়িক বহিষ্কার করে ঘটনার তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে গত ২৯ মার্চ সিন্ডিকেট সভায় ওই তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল দুপুর ১২টায় আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক টগর মো. সালেহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এর আগে বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা ফারুক হত্যা, অধ্যাপক এস তাহের হত্যাসহ নানা হত্যাকাণ্ডের মতো ঘটনার সঙ্গে জড়িত থাকলেও তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ছাত্রলীগের নেতারা একটা ভুল করেছেন, এর জন্য তাঁরা ক্ষমাও চেয়েছেন। একটা ভুলের জন্য তাঁদের শিক্ষাজীবন ধ্বংস করে দিতে পারেন না। বক্তারা দ্রুত স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রলীগের ওই তিন নেতার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান।