বহিষ্কৃত হয়েও হলে থাকেন ছাত্রলীগের দুই নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলীকে পেটানোর দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হওয়ার পরও আবাসিক হলে অবস্থান করছেন ছাত্রলীগের দুই নেতা। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার পাঁচ মাস পরও তাঁরা হলে অবস্থান করলেও সিন্ডিকেটের সিদ্ধান্ত বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি হল প্রশাসন।

ছাত্রলীগের ওই নেতারা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি তন্ময়ানন্দ অভি ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুন-অর-রশীদ। তাঁরা দুজনেই ফিশারিজ বিভাগের শিক্ষার্থী। বর্তমানে শহীদ হবিবুর রহমান হলের ২০৭ নম্বর কক্ষে থাকছেন অভি ও ২০৬ নম্বর কক্ষে থাকছেন মামুন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ আগস্ট উপাচার্যের দপ্তরের অপেক্ষমাণ কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করেন ছাত্রলীগের ওই দুই নেতাসহ তৎকালীন সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন। এতে প্রকৌশলীর মাথা ফেটে যায়। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তুহিনকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। আর ঘটনার দুদিন পর উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বিশেষ ক্ষমতাবলে জড়িত তিনজনকে সাময়িক বহিষ্কার করে ঘটনা তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের স্থায়ী বহিষ্কারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। গত ২৯ মার্চ সিন্ডিকেট সভায় শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবে।’

হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’