বহুতল ভবনমালিকদের জবাবদিহির আওতায় আনা হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের বহুতল ভবনের ছাদ থেকে নাশকতা করা হলে ওই ভবনের মালিকদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ মঙ্গলবার সচিবালয়ে ২৬ মার্চ ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, এখন দেশের প্রায় সব বহুতল ভবনে নিরাপত্তারক্ষী রয়েছে। যদি ওই ভবনগুলোর ছাদ থেকে কোনো নাশকতা করা হয়, তবে ওই ভবনের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হবে। ওই ভবনের মালিকদের জবাবদিহির আওতায় আনা হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের নিরাপত্তার জন্য আবাসিক এলাকাগুলো ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনতে সরকারকে পরামর্শ দেওয়া হবে। বহুতল ভবনগুলোতে যাতে ক্লোজড সার্কিট ক্যামেরার লাগানো হয়, ব্যাপারটি মালিকদের বিবেচনা করতে বলা হবে।
২৬ মার্চ উপলক্ষে বিশেষ নিরাপত্তা জারি করা হবে, এমনটা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় দিবসে বিশেষ মর্যাদাসম্পন্ন ব্যক্তি ও কূটনীতিকদের বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথের দুপাশের বহুতল ভবনের মালিকদের নাশকতার ব্যাপারে সতর্ক করা হবে।
সভায় পুলিশের মহাপরিদর্শকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।