বাঁশখালী হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির একটি প্রতিনিধিদল গতকাল চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে যায়। দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি গত সোমবারের সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে এবং তাঁদের সমবেদনা জানায় l ছবি: জুয়েল শীল
বিএনপির একটি প্রতিনিধিদল গতকাল চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে যায়। দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি গত সোমবারের সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে এবং তাঁদের সমবেদনা জানায় l ছবি: জুয়েল শীল

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা হত্যাকাণ্ডের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার বিএনপি এবং বাঁশখালী আইনজীবী কল্যাণ পরিষদের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে এই দাবি জানায়।
গতকাল গণ্ডামারা যান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এ সময় তিনি নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। ঘটনাস্থল পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাঁশখালীর সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। তাঁরা নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা করেন।
একই দিন চট্টগ্রামে কর্মরত বাঁশখালীর আইনজীবীদের সংগঠন বাঁশখালী আইনজীবী কল্যাণ পরিষদের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, বাঁশখালী আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।
এদিকে গণ্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে পরিবেশবাদী সংগঠন ইকো ফ্রেন্ডসসহ কয়েকটি সামাজিক সংগঠন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইকো ফ্রেন্ডসের সাধারণ সম্পাদক নোমান উল্লাহ, সুজনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী, সাংবাদিক চৌধুরী ফরিদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন পরিবেশবিদ ইদ্রিস আলী।