বাঁশখালীতে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াতও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীও। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটে থাকলেও আলাদা নির্বাচন করার কথা ভাবছে দলটি।

দলীয় সূত্র জানায়, গত উপজেলা নির্বাচনে বাঁশখালীতে চেয়ারম্যান হয়েছিলেন উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলাম। এ কারণে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে গেছে। আলাদা নির্বাচন করলে জামায়াত তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে বলে দলের নেতা-কর্মীরা মনে করছেন।

আগামী সংসদ নির্বাচনে জামায়াত আলাদা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে। আগে সংগঠনটির প্রতীক ছিল দাঁড়িপাল্লা। নিবন্ধন বাতিল এবং প্রতীক হারানোর কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে একাধিক নেতা আভাস দিয়েছেন।

১৯৯১ সালে বাঁশখালীতে জামায়াত নেতা মাওলানা মমিনুল হক চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সুলতানুল কবির চৌধুরী জিতেছিলেন। বিএনপি প্রার্থী চতুর্থ হয়েছিলেন। কিন্তু জামায়াত তৃতীয় হলেও আওয়ামী লীগ ও নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী থেকে ভোটের ব্যবধানে সামান্য পেছনে ছিল।

বাঁশখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আরিফ উল্লাহ প্রথম আলোকে বলেন, ২০-দলীয় জোট থেকে মনোনয়ন পেতে কাজ চলছে। জোট থেকে মনোনয়ন না পেলে জামায়াত স্বতন্ত্রভাবে নির্বাচন করবে।

আরিফ উল্লাহ আরও বলেন, বিগত দেড় বছর ধরে নির্বাচনের ব্যাপারে জামায়াতের নেতা-কর্মীরা কাজ করছেন। স্বতন্ত্রভাবে নির্বাচন করলে এলাকার মানুষ পছন্দ করে যেকোনো একটি প্রতীক বেছে নেবে।

১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত প্রতিটি নির্বাচনে এই আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী জয়ী হয়ে আসছেন। কেবল ২০১৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করেছিল। এরপরও জাফরুল ইসলাম চৌধুরীর সমর্থন কমেনি বলে দলীয় নেতা-কর্মীরা মনে করছেন। এই আসনে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম বিন খলিল এবং কারাবন্দী বিএনপি নেতা লেয়াকত আলীও মনোনয়ন ফরম কেনেন। কিন্তু জাফরুল ইসলামের পাল্লা ভারী বলে জানা গেছে। যদি জামায়াত আলাদাভাবে নির্বাচন করে তাহলে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা বেশি।

জানতে চাইলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাফরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাঁশখালীতে বিএনপি ঐক্যবদ্ধ। সবাই আমার সঙ্গে রয়েছেন।’ এক প্রশ্নের জবাবে জাফরুল ইসলাম বলেন, ‘উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা জহিরুল ইসলাম স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন কি না, সেটা তাঁর বিষয়। তবে তাঁর সঙ্গে আমার সম্পর্ক ভালো।’

এদিকে জামায়াত নেতা ও উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম নির্বাচন করার প্রস্তুতি সেরে রেখেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেন, ‘২০-দলীয় জোট থেকে আমাকে মনোনয়ন দেওয়ার কথা চলছে। মনোনয়ন না পেলেও আমরা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমাদের ব্যানার ও পোস্টার ছাপা হয়ে গেছে।’