বাঁশখালীর ঘটনায় বিএনপির ইন্ধন ছিল: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীর ঘটনা নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তাঁর দাবি, বাঁশখালীর ঘটনায় বিএনপির স্থানীয় নেতাদের প্রত্যক্ষ ইন্ধন ও সংশ্লিষ্টতা ছিল। তাঁরাই বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে জনগণ ও প্রশাসনকে মুখোমুখি দাঁড় করিয়েছিলেন।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। বাঁশখালীর ঘটনায় দায়ী ব্যক্তিদের পাশাপাশি ইন্ধনদাতাদেরও চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
সাবেক এই পরিবেশ ও বনমন্ত্রী দাবি করেন, এই যুগে পরিবেশের ক্ষতি না করেই কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সম্ভব। কিন্তু সরকার কোনো উন্নয়ন কর্মকাণ্ড করতে গেলেই কিছু ব্যক্তি পরিবেশের ক্ষতি হচ্ছে—এমন বক্তব্য-স্লোগান দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে ৪ এপ্রিল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন এবং পুলিশের মধ্যে সংঘর্ষে গুলিতে চারজন নিহত হন।