বাঁশখালীর ঘটনায় রক্ষা কমিটির আহ্বায়ককে দুষছেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে বিদ্যুৎ প্রকল্প স্থাপন নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনার জন্য বিদ্যুৎকেন্দ্রবিরোধী বসতভিটা ও গোরস্তান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলীকে দায়ী করেছেন স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। অভিযোগ অস্বীকার করেছেন লিয়াকত।

আজ বৃহস্পতিবার সকালে নগরের ষোলশহর এলাকায় নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই ঘটনার জন্য লিয়াকতকে দায়ী করেন স্থানীয় সাংসদ।
মোস্তাফিজুরের ভাষ্য, ঘটনার দিন সংঘর্ষকালে পুলিশের গুলিতে নয়, বরং লিয়াকতের সহযোগীদের গুলিতে চারজন নিহত হয়েছেন।
অভিযোগ অস্বীকার করে লিয়াকত বলেন, সেদিন পুলিশের গুলিতেই চারজন নিহত হন। আন্দোলন থামাতে এবং ঘটনা ধামাচাপা দিতে এখন তাঁকে দোষারোপ করা হচ্ছে।
সাংসদের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা আক্তার প্রমুখ।

এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। গত সোমবার গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হন। এ ঘটনায় বাঁশখালী থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় লিয়াকতসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তাফিজুর দাবি করেন, লিয়াকতসহ কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে প্রকল্পের বিরুদ্ধে এলাকার জনগণকে বিভ্রান্ত করেছে। প্রচারণা চালিয়ে প্রকল্পের কার্যক্রমে বাধা সৃষ্টির তৎপরতা চালিয়েছে।

সাংসদের ভাষ্য, প্রকল্পের ব্যাপারে নানাভাবে এলাকাবাসীকে জানানো হয়েছে। প্রকল্পের কারণে এলাকায় কোনো সমস্যা হবে না বলে তাদের জানানো হয়। তা সত্ত্বেও ষড়যন্ত্রকারীরা তাদের তৎপরতা চালাতে থাকে। ঘটনার দিন এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। কিন্তু লিয়াকতের লোকজন অস্ত্রশস্ত্র-লাঠিসোঁটা নিয়ে পুলিশ ও নিরীহ লোকজনের ওপর হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সাংবাদিকেরা মোস্তাফিজুরের বক্তব্য জানতে চাইলে তিনি দাবি করেন, এগুলো পুলিশের গুলি নয়। এগুলো ছররা গুলি। লিয়াকতের সহযোগীদের গুলিতেই লোকজন মারা গেছেন।

সাংসদের ভাষ্য, প্রকল্পের ব্যাপারে অনেকেরই আপত্তি ছিল না। তাঁর জানামতে, প্রকল্পটির পরিবেশ ছাড়পত্রও রয়েছে।

শুক্রবারের মধ্যে প্রকল্পটি বাতিলের ব্যাপারে এলাকাবাসীর দাবির প্রসঙ্গে সাংসদ মোস্তাফিজুর বলেন, কিছু লোকের জন্য প্রকল্প কেন বন্ধ হবে?

সাংসদের বিভিন্ন অভিযোগ অস্বীকার করে লিয়াকত আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশের গুলিতে এলাকার নিরীহ লোকজন হতাহত হয়েছে। সেদিন পুলিশ পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। প্রত্যক্ষদর্শী ও আহত লোকজনই তার সাক্ষী।

লিয়াকত আরও বলেন, কারখানা করার কথা বলে এস আলম জায়গা অধিগ্রহণ করেছিল। পরে তারা বলছে, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করবে। এলাকার পরিবেশের ক্ষতি হবে, তাই লোকজন আন্দোলন করছে। কাউকে ভুল বুঝিয়ে নয়, সাধারণ মানুষের সঙ্গে তিনিও আন্দোলন করছেন।