বাঁশখালীর সাংসদের গ্রেপ্তার চাইল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন

চট্টগ্রামের বাঁশখালীর সরকারদলীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার ও তাঁর সংসদ সদস্যপদ খারিজ করার দাবি জানিয়েছে বিএনপি। তাঁকে দ্রুত অবিলম্বে গ্রেপ্তার করা না হলে তিনি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব খাটাবেন বলেও দাবি করেছে বিএনপি। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টায় চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
মীর নাছির বলেন, ‘বাঁশখালীতে এত বড় ঘটনা ঘটে গেছে। স্পিকারের উচিত ছিল ওই এমপিকে ডেকে কৈফিয়ত চাওয়া। এখন এই এমপির সদস্যপদ খারিজ এবং তাঁর গ্রেপ্তার আমরা চাই। কারণ, এই লোক গ্রেপ্তার না হলে বাঁশখালীতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর নির্বাচন স্থগিত রাখা কোনো সমাধান নয়।’
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রশাসনের ভূমিকার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সহসভাপতি ইফতেখার মহসীন চৌধুরী, নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ষষ্ঠ ধাপে আজ শনিবার বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, পছন্দের ব্যক্তিদের নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়নি বলে বাঁশখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেছেন সাংসদ। এটা দুঃখজনক ঘটনা। এর জন্য নির্বাচন কমিশনও দায়ী। কমিশন কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের উচিত ছিল পদত্যাগ করা। তিনি নির্বাচন কমিশনকে ‘অথর্ব, বেহায়া, লাজ-শরমহীন’ বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মীর নাছির সাতকানিয়ায় সরকারদলীয় সাংসদ আবু রেজা মো. নদভীকে নির্বাচনের দিন নিজ এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা এবং সাতকানিয়ার ওসি ফরিদ উদ্দিন খন্দকারকে ভোটের আগেই প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান। মীর নাছির অভিযোগ করেন, ‘সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নে বিএনপির প্রার্থী ফেরেদৗস সিকদারকে এমপি নদভীর নির্দেশে ওসি নির্বাচন বর্জন করতে বলেছেন। বিএনপির প্রার্থীর পোস্টারের ওপর আওয়ামী লীগের এমপি নদভীর পোস্টার সাঁটানো হয়েছে। ফেরদৌস সিকদারকে ওসি নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছেন। তাই সাতকানিয়ার ওসিকে আগামী ছয় ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং নির্বাচনের দিন সেখানে এমপির প্রবেশ নিষিদ্ধ করতে হবে।’