বাঁশখালীর ১৪ ইউনিয়নে নির্বাচন হচ্ছে না আজ
নতুন নাকি পুরোনো তফসিলে হবে—এই সিদ্ধান্ত না হওয়ায় আজ রোববার বাঁশখালীর ১৪ ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পাওয়ার পর নির্বাচনের নতুন তারিখ ঠিক করা হবে।
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা খ ম আরিফুল ইসলাম মুঠোফোনে গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, রোববার বাঁশখালীর ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে না। এ ব্যাপারে নির্বাচন কমিশন থেকে কোনো নির্দেশনা আসেনি।
গত বছরের ৪ জুন ১৪টি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতের পর তিনটি ইউনিয়নের নির্বাচন ২৫ মে স্থগিত হয়ে যায়। বাকি ১১টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ২ জুন তৎকালীন উপজেলা নির্বাচন কর্মকর্তার ওপর হামলা হলে ১১টি ইউনিয়নের নির্বাচনও স্থগিত হয়ে যায়। এরপর উচ্চ আদালত নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা খারিজ দেন।
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ খারিজ করে দিলেও পুরোনো তফসিল নিয়ে একটি পক্ষের আপত্তি রয়েছে। এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তাঁরা।