বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ এখন মানবাধিকারের বাইরের দেশ। এখানে কোনো মানবাধিকার নেই। কারও জীবনের নিরাপত্তা নেই। গণতন্ত্রের কথা মুখে বললেও এর লেশমাত্র নেই।’
গুম-খুন ও নির্যাতনের শিকার দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে গতকাল মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয়তাবাদী হেল্প সেল নামের একটি সংগঠন গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপির মহাসচিব বলেন, ২০১০ সাল থেকে দেশে গুম-খুনের ভয়াবহ ঘটনাগুলো শুরু হয়। জোর করে নিখোঁজ করে দেওয়া মানবাধিকারবিরোধী ও মধ্যযুগীয় বর্বরতা। আজকে সভ্য পৃথিবীতে ঘটনাগুলো ঘটছে, কিন্তু বিশ্ব বিবেক একেবারে নিশ্চুপ। তিনি দাবি করেন, এ পর্যন্ত বিএনপির হাজারের অধিক নেতা-কর্মী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। পাঁচ শতাধিক নেতা-কর্মী গুম হয়েছেন। এক হাজারের ওপর নেতা-কর্মী পঙ্গু হয়েছেন, লাখ লাখ নেতা-কর্মী হয়েছেন মামলার শিকার।
মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীনদের এখন একটি মাত্র উদ্দেশ্য, যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে। এতে যদি লক্ষ মানুষকে হত্যা করতে হয়, তাতেও তাদের আপত্তি নেই। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান তাদের এ কাজে সহযোগিতা করছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। দেশে জঙ্গিবাদ একটি ভয়াবহ চেহারা নিয়ে দাঁড়িয়েছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, এ সরকারের এজেন্ডাই হলো জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল, নিশ্চিহ্ন করা।
অনুষ্ঠানে গুম ও খুনের শিকার ছাত্রদলের নেতাদের স্ত্রী-সন্তানেরা বক্তব্য দেন। পরে গুম ও নির্যাতনের শিকার নেতা-কর্মীদের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন বিএনপির মহাসচিব। বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল প্রমুখ।