বাংলাদেশ এখন মানবাধিকারের বাইরের দেশ: মির্জা ফখরুল

‘বাংলাদেশ এখন মানবাধিকারের বাইরের দেশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এখানে কোনো মানবাধিকার নেই। মুখে গণতন্ত্রের কথা বলা হলেও এর লেশমাত্রও নেই।’
আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিগত আন্দোলনে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। ‘জাতীয়তাবাদী হেল্প সেল’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০১০ সাল থেকে গুম, হত্যাকাণ্ডের এই ভয়াবহ ঘটনা শুরু হয়। জোর করে ধরে নিয়ে নিখোঁজ করে দেওয়া মানবাধিকারবিরোধী ও মধ্যযুগীয় বর্বরতা। আজকে সভ্য পৃথিবীতে ঘটনাগুলো ঘটছে। কিন্তু বিশ্ব বিবেক একেবারে নিশ্চুপ রয়েছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপির এক হাজারের ওপর নেতা-কর্মী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। পাঁচ শতাধিক নেতা-কর্মী গুম হয়েছেন। এক হাজারের ওপরে নেতা-কর্মী পঙ্গু হয়েছেন, লাখ লাখ নেতা-কর্মী মামলার শিকার হয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। সত্যিকার অর্থে এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। দেশে জঙ্গিবাদ একটি ভয়াবহ চেহারা নিয়ে দাঁড়িয়েছে।
সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে চাইছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ প্রমাণিত হয়েছে, জঙ্গিবাদকে দমন করতে হলে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে হবে। রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে জঙ্গিবাদ সম্ভব নয়; যে আহ্বান সরকার বারবার নাকচ করে দিচ্ছে।
ফখরুল বলেন, ঐক্যর আহ্বানকে নাকচ করে দেওয়ার পেছনে কারণ একটাই—ঐক্য গড়ে উঠলে তারা (সরকার) সুবিধা করতে পারবে না।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ১৫ আগস্ট নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর আবেগঘন বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, ‘আপনার আবেগের প্রতি আমরা সহানুভূতি রাখতে চাই। কিন্তু আপনার প্রতি অনুরোধ, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে অন্যের চোখের পানি ঝরাবেন না।’
অনুষ্ঠানে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যরা বক্তব্য দেন। পরে গুম, খুন ও নির্যাতনের শিকার ছাত্রদল নেতা সেলিম রেজা, মো. চঞ্চল, ফিরোজ খান, গোলাম রাব্বানি ও মো. আকরামের পরিবারকে নগদ অর্থ সহায়তা তুলে দেন বিএনপির মহাসচিব।
প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আইন-বিষয়ক সম্পাদক কায়সার কামাল, সহদপ্তর সম্পাদক তাইফুল ইমলাম, তথ্য ও গবেষণা-বিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান প্রমুখ।