অন্যান্য বিষয়ের পাশাপাশি মানবাধিকার পরিস্থিতির উন্নয়নেও বাংলাদেশ ও ভারতের কাজ করা উচিত। গত শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার নির্বাহী পরিচালক আকর প্যাটেল।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে বর্তমানে ভারতে আছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই দেশের মধ্যে একাধিক বৈঠক ও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি মানবাধিকার পরিস্থিতির উন্নয়নেও নজর দেওয়া উচিত দুই দেশের নেতাদের।
আকর প্যাটেল বলেন, ‘বাংলাদেশ ও ভারত গণতন্ত্রের স্থিতাবস্থা বজায় রাখতে অনেক পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এমন অবস্থায় মানবাধিকার রক্ষা করতেও তাদের অনেক কিছু করতে হবে। শুরুতেই দেশ দুটিকে মুক্তমতের ওপর হস্তক্ষেপ করে এমন ঔপনিবেশিক আমলের হয়রানিমূলক আইনের ব্যবহার বন্ধ করতে হবে। উপমহাদেশে স্বাধীনতাকামীদের নির্যাতন করতে তৎকালীন শাসকগোষ্ঠী এসব আইন চালু করেছিল। কিন্তু লজ্জার বিষয় হলো, এখনো এসব আইন ভারত ও বাংলাদেশে বিদ্যমান আছে।’
২০১৪ সাল থেকে বাংলাদেশে সমালোচনাকারী সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বেড়েছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে। বলা হয়, বিশেষ করে সমালোচক সংবাদমাধ্যমকর্মীদের হেনস্থা করতে উসকানি ও মানহানির অভিযোগে মামলা করা হয়েছে। কর্তৃপক্ষ এ জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনও ব্যবহার করেছে। এর লক্ষ্য করা হয়েছে সাংবাদিক, মানবাধিকারকর্মী, পরিবেশবাদী আন্দোলনকারী ও স্রেফ সরকারপ্রধানের সমালোচনাকারী সাধারণ নাগরিকদের। বাংলাদেশের সরকার ব্লগারসহ ধর্মনিরপেক্ষ আন্দোলনকারীদের জীবন বাঁচাতেও ব্যর্থ হয়েছে। ২০১৩ সাল থেকে চালানো এসব হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।
ভারতের পরিস্থিতি নিয়ে বিবৃতিতে বলা হয়, সেখানেও বিরোধীদের কণ্ঠরোধ করতে ব্যবহৃত হচ্ছে ঔপনিবেশিক আমলের আইন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সমালোচনামূলক পোস্ট বা আলোচনাও সহ্য করা হচ্ছে না, মামলা করা হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের সুশীল সমাজকেও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে হুমকির মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেন আকর প্যাটেল।
মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানেও ঢাকা ও নয়াদিল্লিকে একসঙ্গে কাজ করা উচিত বলে বিবৃতিতে মত দেওয়া হয়।