বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকেরা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সাতটি পদের নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকেরা সব কটি পদে জয়ী হয়েছেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ ও বিএনপিপন্থী শিক্ষকদের ‘সোনালি দল’ প্যানেলে সাতটি পদে নয়জন করে শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। উপাচার্য মো. আলী আকবরের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৮৭ শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন।

একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম জানান, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মজিবুর রহমান, পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুজাফফর হোসেন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক মির্জা আবুল হাসিম, বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক শহীদুল হক, মাৎস্যবিজ্ঞান অনুষদের একোয়াকালচার বিভাগের অধ্যাপক আলী রেজা ফারুক, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক হুমায়ূন কবির, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী হোসেন, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ কে এম আদহাম এবং পশু প্রজনন ও কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিন বিজয়ী হয়েছেন।

ভোট গ্রহণ শেষে বিকেলে উপাচার্য নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকেরা একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন। সোনালি দলের সভাপতি অধ্যাপক ফজলুল আউয়াল মোল্লা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শওকত আলী বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।