বাংলাদেশ গুন্ডামির জায়গা না: মান্না
বাংলাদেশ গুন্ডামির জায়গা না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘গুন্ডাদের কীভাবে জবাব দিতে হয়, তা পাকিস্তান আমল থেকে আমরা করছি। আপনাদেরও জবাব দেব।’
আজ মঙ্গলবার বেলা একটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে নাগরিক ঐক্য।
বর্তমান সরকার ব্যর্থ মন্তব্য করে মাহমুদুর রহমান বলেন, এই সরকার জনগণের কোনো কল্যাণ করেনি। নারীর ইজ্জত রক্ষা করতে পারেনি। ব্যর্থ সরকার একটা। তিনি বলেন, এই সরকার লুটেরাদের সরকার, চোরদের, ডাকাতদের সরকার। ২০১৮ সালে ভোট চুরি করেছে, সেই যে চুরি শুরু করেছে, তা থামেনি।
মাহমুদুর রহমান বলেন, ‘সরকার গুন্ডামি করবেই না কেন। তারা ১০ টাকা করে চাল খাওয়াবে বলেছিল, এখন চালের দাম কত? আলুর দাম কত? এখন আলুভর্তা খাওয়া যাবে না। সব জিনিসের দাম বেশি। কিন্তু সরকার বলছে, আমাদের জিডিপি বেশি। জিডিপি কি মানুষ খায়? মানুষ ভাত খায়, জিডিপির কাহিনি কেন শোনান।’
মাহমুদুর রহমান বলেন, ‘রাস্তায় নিরাপদে চলা যায় না, ঠিকমতো ঘরে ঘুমানো যায় না। রাস্তায় চললে বাহিনী ধরে নিয়ে যায়, বাজার করলে পকেট ভরে নিয়ে যায়, তা–ও পেট ভরে না।’
গতকাল সোমবার নারায়ণগঞ্জে তাঁর ওপর হামলার ঘটনা প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, ‘গতকাল ১০ থেকে ১৫ মিনিট বক্তব্য দিয়েছি। শেষ হতেই হামলাকারীরা ঢুকল, ঢুকেই স্লোগান দিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা বলে রামদা দিয়ে কোপাতে লাগল। কতজন আহত আমি জানি না। মঞ্চে যাঁরা ছিলেন, তাঁরা মানবঢাল করে আমাকে বাঁচিয়েছেন।’ তিনি বলেন, এর আগে হামলাকারীরা তাঁর চালককে মেরেছে, গাড়িও ভাঙচুর করেছে।
দেশের চরিত্র ‘মাফিয়া চরিত্রে’ পরিণত হচ্ছে বলে সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। মাফিয়া রাষ্ট্রের যে চরিত্র তা দেখা যাচ্ছে। এখানে কোনো শাসন নেই, শুধু অনাচার আর অনাচার। দেশে পরিচ্ছন্ন, সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মাহমুদুর রহমান। এই হামলায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। এই সরকারের আমলে যা হচ্ছে, তাতে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, তা অজানা। প্রধানমন্ত্রী এসব ঘটনা জানেন না, এটা বিশ্বাস করা কঠিন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, গতকালের হামলার ঘটনায় নিন্দা জানানোর ভাষা জানা নেই। একটা পারিবারিক অনুষ্ঠানে এভাবে হামলা হতে পারে, তা বিশ্বাস করা যায় না।
বিক্ষোভে সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার গুন্ডাবাহিনী, লুটেরাবাহিনী ও রাষ্ট্রযন্ত্রের বাহিনীদের যথেচ্ছ ব্যবহার করছে। ফলে প্রতিদিন একদিকে দুর্নীতি, আরেক দিকে গুম–খুন–অত্যাচার, ধর্ষণ একের পর এক ঘটে চলেছে। এর বিরুদ্ধে নানাভাবে মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছে।
মাহমুদুর রহমানের ওপর হামলাকে ন্যক্কারজনক উল্লেখ করে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক বলেন, ‘কাপুরুষের মতো এই হামলা করা হয়। তাঁকে (মাহমুদুর রহমান) হত্যার উদ্দেশ্যে এই হামলা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এই অবৈধ সরকারের গুন্ডাবাহিনী এই হামলা করে।’
নুরুল হক বলেন, এই সরকার ধর্ষক, দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছে। এই গুন্ডাতন্ত্র, স্বৈরতন্ত্রের অবসান করতে হবে। আর সময় দেওয়া যাবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, শহর থেকে গ্রাম—কোথাও মানুষ আর নিরাপদ নয়।
সমাবেশে যুব ঐক্যের সমন্বয়ক রাকিব হাসান, ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।