বাংলাদেশ নিয়ে পাকিস্তান মিথ্যাচার করছে: মাহবুবুর

মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংসদে বাংলাদেশ নিয়ে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ‘এ ধরনের মিথ্যাচারের পর কেবল নিন্দা জানানোই যথেষ্ট নয়, আমি এর প্রতিবাদ করছি। কেননা একাত্তরে পাকিস্তানি বাহিনী এখানে গণহত্যা চালিয়েছে।’
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মাহবুবুর রহমান এ কথা বলেন।
সাবেক সেনা প্রধান মাহবুবুর বলেন, পাকিস্তান ডাহা মিথ্যাচার করছে। এটা ঠিক হচ্ছে না। তাদেরকে অবশ্যই অপরাধের কথা স্বীকার করতে হবে। তিনি বলেন, দেশের মানুষের মতো আমিও পাকিস্তানের মিথ্যাচারে ক্ষুব্ধ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, তাঁদের দল পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এখন নির্বাচন কীভাবে নিরপেক্ষ হবে, সেটা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি বলেন, পৌর নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনের পরিণতি সরকারকে ভোগ করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে। ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে, এ জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মুর্তজা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান প্রমুখ।