বাংলাদেশ পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের ওপর চাপ বাড়ছে
বাংলাদেশে চলমান সহিংস পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি দেশটির সংসদ সদস্যদের তরফ থেকে চাপ বাড়ছে। গত দুই সপ্তাহে দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ বিভাগ বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তিন দফা প্রশ্নের সম্মুখীন হয়েছে। একই সময়ে সমসংখ্যকবার এসেছে বাংলাদেশে ব্রিটিশ সরকারের উন্নয়নমূলক কাজের প্রসঙ্গটিও।
সর্বশেষ গতকাল সোমবার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী ব্যারোনেস অ্যানিলে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লর্ড সভার দুই সদস্যের লিখিত প্রশ্নের জবাব দেন। পার্লামেন্টারিয়ান হিউম্যান রাইটস গ্রুপের ভাইস চেয়ার লর্ড অ্যাভবেরি ব্রিটিশ সরকারের কাছে জানতে চান, বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধ করতে এবং বিবদমান দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করতে জাতিসংঘের মাধ্যমে একজন গ্রহণযোগ্য মধ্যস্বত্বকারী নিয়োগ দেওয়ার লক্ষ্যে ব্রিটিশ সরকার জাতিসংঘ মহাসচিবকে উদ্যোগ গ্রহণের অনুরোধ করবে কি না?
লিখিত জবাবে পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী ব্যারোনেস অ্যানিলে জানান, ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির নেত্রী খালেদা জিয়ার কাছে চিঠি লিখেছেন, এটিকে যুক্তরাজ্য স্বাগত জানায়। বাংলাদেশে সম্পৃক্ততা বজায় রাখতে যুক্তরাজ্য জাতিসংঘকে উৎসাহিত করে যাবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, সহিংসতা বন্ধ করতে এবং দেশব্যাপী উত্তেজনা নিরসনে নিজেদের মধ্যে আস্থা তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সাধ্য অনুযায়ী সবকিছু করা গুরুত্বপূর্ণ।
অন্যদিকে লর্ড এলটন অব লিভারপুল প্রশ্ন করেন, ১৯৪৮ সালের জাতিসংঘ মানবাধিকার ঘোষণার আর্টিক্যাল ১৮ অনুযায়ী বাংলাদেশ সরকারের বাধ্যবাধকতা বিষয়ে ব্রিটিশ সরকার বাংলাদেশ পক্ষের সঙ্গে কোনো আলোচনা করেছে কি না? বিশেষ করে ঢাকায় আততায়ীর হাতে লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের খুনের ঘটনার পর।
এমন প্রশ্নের লিখিত জবাবে ব্যারোনেস অ্যানিলে বলেন, ‘মানবাধিকারের বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে থাকি। যখন মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ পাচ্ছি, তখনই আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের উদ্বেগ তুলে ধরছি।’ ২০১৩ সালের ২৯ এপ্রিল হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশবিষয়ক পর্যালোচনায় নিরাপত্তা ঝুঁকিতে থাকা গোষ্ঠীকে রক্ষায় আরও পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাজ্য আহ্বান জানিয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, অভিজিৎকে হত্যা এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে গুরুতর জখম করার ঘটনায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার যুক্তরাজ্যের আতঙ্কিত হওয়ার বিষয়টি তুলে ধরেছেন। তিনি চলমান পরিস্থিতি নিয়েও যুক্তরাজ্যের উদ্বেগের কথা জানিয়েছেন।
একই দিন পার্লামেন্টে পিওনা ব্রুসের প্রশ্নের জবাবে দেশটির বৈদেশিক উন্নয়ন বিভাগের মন্ত্রী ডেসমন্ড সোয়েন বলেন, বাংলাদেশে শিশুশ্রম বন্ধ এবং অপব্যবহার রোধ করতে ব্রিটিশ সরকার কাজ করে যাচ্ছে। সরকার ও বেসরকারি সংগঠনগুলোর সঙ্গে মিলে তারা দরিদ্র ও ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে। দরিদ্র শিশুদের যাতে স্কুল ছাড়তে না হয়, সে জন্য পরিবারগুলোকে সহায়তা দিচ্ছে দেশটির উন্নয়ন বিভাগ (ডিএফআইডি)।