বাংলাদেশ ব্যাংকে আগুন নিয়ে প্রশ্ন আছে: খসরু
বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার বিষয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। রিজার্ভ চুরির দুই মাস পর মানুষ তা জানতে পেরেছে ফিলিপাইনের পত্রিকায় সংবাদ হওয়ায়। এটি তদন্ত করা হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। কেন প্রকাশ করা হচ্ছে না, তা বাংলাদেশের গণমাধ্যম লিখতে পারছে না। তবে ফিলিপাইন বলেছে, বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোকজনই রিজার্ভ চুরির সঙ্গে জড়িত। ব্যাংকের ভেতর থেকেই এ কাজ হয়েছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকও একই কথা বলেছে। এ কারণেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।
বিএনপির এই নেতা বলেন, ‘অনেকের সন্দেহ আছে, এই সময় আগুন লাগার কারণ কী? এটাই জনগণের প্রশ্ন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ বলেন, এই সফর নিয়েও জনমনে প্রশ্ন আছে। তিস্তা চুক্তি আলোচনার বাইরে চলে গেছে।