বাংলাদেশকে সিকিমের মতো হজম করা যাবে না: হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে ভারতের সিকিমের মতো রাজ্যে পরিণত করার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, ‘বাংলাদেশকে সিকিমের মতো হজম করা যাবে না।’

গতকাল দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় হান্নান শাহ এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ‘উগ্রবাদ ও সন্ত্রাসবাদের’ প্রতিবাদে এই আলোচনার আয়োজন করে।

হান্নান শাহ অভিযোগ করেন, বাংলাদেশের বর্তমান সরকার ভারতের ইশারা ছাড়া কোনো কিছু করে না।

জুমার নামাজের খুতবা পর্যবেক্ষণের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, মসজিদের ইমাম কী বয়ান করবেন, এখন সরকার তা ঠিক করে দেবে।