গত ১৬ জানুয়ারি সদ্য প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতির ওপর আশাবাদ ব্যক্ত করেন। তবে তিনি বলেছিলেন, বাংলাদেশে আইডিয়াল ডেমোক্রেসি বা আদর্শিক গণতন্ত্র হবে না। ওই দিন তাঁর সঙ্গে কথোপকথন শেষ হওয়ার কথা ছিল না। কারণ, তিনি বিস্তারিত বক্তব্যের জন্য তাঁর বাসায় যেতে বলেছিলেন। সেদিন সংসদ সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এই সাক্ষাৎকার দিয়েছিলেন।
রাষ্ট্রপতির ক্ষমতা প্রসঙ্গে এই প্রতিবেদককে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘তোমরা সংবিধানের ৪৮ অনুচ্ছেদ (রাষ্ট্রপতির ক্ষমতাসংক্রান্ত) পড়েছ। কিন্তু তার ভেতরটা দেখনি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যকার ক্ষমতার অনুশীলন প্রশ্নে উত্তেজিত করা আর সাংবিধানিক লড়াই করা দুই জিনিস।’
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে তখনো অনুসন্ধান কমিটি হয়নি, তবে সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে তাঁর মতামত ব্যক্ত করেন। তাঁর কথায়, ‘রাষ্ট্রপতি যদি এখন বলেন, আমি ক খ গ কে নেব। এ জন্য তিনি কি আইন বানাবেন? এটা নিয়ে যদি বিতর্ক করা হয়, তাহলে এই প্রতিষ্ঠান (রাষ্ট্রপতি) ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে।’ নির্বাচন কমিশন পুনর্গঠন প্রশ্নে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মন ভালো। রাষ্ট্রপতিও অনেক ধীরস্থির।’
সুরঞ্জিত সেনগুপ্তের কাছে প্রশ্ন ছিল: অনুসন্ধান কমিটি কি আগের মতোই হবে? তিনি বললেন, ‘এর তো কোনো ধরন নেই। আমরা তো সাধারণত বলি, ৪৮ অনুচ্ছেদ হলো “মাজার জিয়ারতের” রাষ্ট্রপতি।’ এ প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত ১১৮ অনুচ্ছেদের উল্লেখ করলেন। কিন্তু কোনো নির্দিষ্ট মন্তব্য করলেন না। কথার মধ্যে তিনি বারবার রাষ্ট্রপতির প্রসঙ্গ টানেন। বলেন, তিনি রাষ্ট্রপ্রধান, তাঁর মধ্যেই অন্তর্নিহিতভাবে সব আছে। আইন প্রণয়ন, নির্বাহী ও বিচার বিভাগীয়—এই তিন ক্ষমতারই তিনি আধার। সুতরাং কমিটিতে কে থাকবেন, থাকবেন না, রাষ্ট্রপতি নির্দিষ্ট করবেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এটা বাংলাদেশের রাজনীতিকে খুব সফট কইরা ফালাইছে।’ প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বললেন, ‘আমি কোনো সময় না নিয়েই (কমিটি সভায়) তাঁকে বলেছিলাম, ওটা আইভীকে দিয়ে দিন।’
একটু দম নিলেন। বললেন, ‘এই কিছুদিন আগে তাঁকে (শেখ হাসিনা) আমি বললাম, আমি তো আপনার বিপক্ষে ছাড়া কখনো বলি না, এখন থেকে আর আপনার বিপক্ষে বলব না।’ প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে তাঁর নেতৃত্বের গুরুত্ব অসামান্য।
সুরঞ্জিত সেনগুপ্ত প্রশ্ন রাখেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পরে কি তারা অনুসন্ধান কমিটি করেছিল? সামরিক আইনের মধ্যে তারা নির্বাচন করেছে।’ বললাম, পঁচাত্তরের পরে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেনি। বললেন, ‘বয়কট করেনি, বরং তিলে তিলে সে (আওয়ামী লীগ) বুঝতে পেরেছে মার্শাল ল এবং চিফ অব স্টাফের বিরুদ্ধে যেতে হলে তাকে নির্বাচনের পথেই যেতে হবে। এখন তাদের এত কথা কেন?’
উঠে দাঁড়ালাম। বললেন, ‘এটাই তোমাকে লিখতে হবে যে, সংবিধানের ব্যাখ্যা এবং রাষ্ট্রের প্রশাসন দুই জিনিস। আর যেটা দিয়ে তুমি বাক্স্বাধীনতা খাইছ, বঙ্গবন্ধুকে মারছ, তখন তোমরা হাতে লইছ সিভিল ব্যুরোক্রেসি ও মিলিটারি ব্যুরোক্রেসি। এখন সেই দুই ব্যুরোক্রেসি পরিবর্তিত, তাদের সঙ্গে তাঁর (শেখ হাসিনার) সম্পর্ক প্রীতিপ্রদ।’
তিনি সতর্ক করেন যে, নির্বাচন কমিশন গঠনে এমন আইন না হয় যা রাষ্ট্রপতিকে কোনো বিতর্কের মধ্যে ঠেলতে পারে। আমি বললাম, আইনের সুবিধা বেশি। ড. আম্বেদকারের (ভারতের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি) সামনে যুক্তি আনা হয়েছিল যে, আইন না থাকলে সিইসি নিয়োগে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী সুবিধা নেবেন। তখন আম্বেদকার নির্বাচন কমিশনার খুঁজতে এই আইনের (ভারতের ৩২৪ ও বাংলাদেশের ১১৮ একই বিধান) কথাটা লিখলেন।
তিনি থামিয়ে দিলেন। বললেন, ওটা ভারতীয় ফেডারেল সংবিধানের আওতায় লেখা হয়েছিল। এটা এখানে খাটবে না। তবে তিনি উপসংহার টানলেন এই বলে যে, সংবিধানে রাষ্ট্রপতিকে একেবারে ঠুঁটো জগন্নাথ করা হয়নি। রাবার স্ট্যাম্প করা হয়নি।
৩০ জানুয়ারি রাতে তাঁর শেষ ফোন পেলাম। বললেন, বিএনপির তালিকা থেকে একজনকে কমিশনার করা যেতে পারে।