বাংলাদেশে আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না। নির্বাচনই হবে সরকার পরিবর্তনের একমাত্র পদ্ধতি।
তথ্যমন্ত্রী আজ বুধবার তাঁর মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২০ সালের প্রথম দিনে গত এক বছরে মন্ত্রণালয়ের অর্জন এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেই সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিসহ কয়েকটি দল আওয়ামী লীগ এবং দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রতি যদি দেশের মানুষের সমর্থন না থাকে, তবে দলটি ক্ষমতা ছেড়ে যাবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী নির্বাচনে যদি জনগণ আমাদের দলকে সমর্থন না জানায়, তাহলে স্বাভাবিকভাবেই আমরা সরকারে থাকব না। এ ছাড়া অন্য কোনো পথ তো নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে অতীতের মতো আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না এবং সরকারকে বিদায় দেওয়ার একটিই পথ—সেটি হচ্ছে নির্বাচন।’
বিরোধী দলকে স্পেস দেওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে আমরা বহুদলীয় গণতান্ত্রিক সমাজেই বসবাস করি। এখানে বিরোধী দল সব সময় আইনগতভাবেই তাদের মতপ্রকাশ, প্রতিবাদ করে আসছে। সাংবিধানিকভাবে যে অধিকার, সেই অধিকার সব সময় প্রয়োগ করছে। এখানে কাউকে অধিকার দেওয়ার বিষয় নেই।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘মাল্টি পার্টি ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে। সুতরাং এখানে বিরোধী দল সব সময়ই সংসদে, সংসদের বাইরে তাদের মত প্রকাশ করছে। সুতরাং অধিকার দেওয়া না দেওয়ার প্রশ্ন অবান্তর।’
তথ্যমন্ত্রী এ সময় সবাইকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘গত প্রায় একটি বছর আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি। বিগত বছরে অনেক কাজ আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি। অনেক কাজ আমরা হাতেও নিয়েছি। অনেক কাজ আমরা করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, গত বছর ২ সেপ্টেম্বর থেকে দূরদর্শনের ফ্রি ডিশের মাধ্যমে সমগ্র ভারতে অফিশিয়ালি বাংলাদেশ টেলিভিশন প্রদর্শিত হচ্ছে। গত বছরে কয়েক মাসের মধ্যেই আমরা সেটা করতে সক্ষম হয়েছি।’ তথ্যমন্ত্রী বলেন, ‘টেলিভিশন চ্যানেলগুলোর ক্রম নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী প্রদর্শিত হচ্ছে। বিদেশি টেলিভিশনের মাধ্যমে দেশি বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছিল, সেটি আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি, অনেকগুলো টেলিভিশনে বিদেশি সিরিয়াল কোনো অনুমতি ছাড়া প্রদর্শিত হচ্ছিল, যেটি আমরা একটি নিয়ম নীতির মধ্যে আনতে সক্ষম হয়েছি, এখন একটি কমিটির মাধ্যমে অনুমোদন নিয়ে সেগুলো প্রদর্শিত হবে।’
মন্ত্রী বলেন, ‘আজ থেকে দেশের বিভিন্ন স্থানে অবৈধ ডিস সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। জেলার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছে এ ব্যাপারে নির্দেশনা পাঠানো হয়েছে।’ মন্ত্রী জানান, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ওপর তথ্য মন্ত্রণালয়ের অধীনে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় একটি ছবি নির্মিত হচ্ছে। এই ছবির কাজ অনেক দূর এগিয়ে গেছে। নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের মতো বেতারও ভারতে সম্প্রচারিত হবে। আশা করছি এ মাসের মধ্যেই এটি করতে আমরা সক্ষম হব।’ তিনি আরও জানান, তথ্য মন্ত্রণালয় থেকে ১৮টি আইন, বিধি, নীতিমালা প্রণয়ন ও হালনাগাদের কাজ চলছে। খুব শিগগিরই গণমাধ্যমকর্মী আইন মন্ত্রিসভায় তোলা হবে। তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মী আইনে কিছু সংশোধনের দরকার ছিল সেগুলো সংশোধন করা হয়েছে, সাংবাদিক ভাই-বোনদের দাবি অনুযায়ী। এটি আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি, পাওয়া মাত্রই আমরা সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেব। মন্ত্রিপরিষদে অনুমোদনের পর সেটি সংসদে যাবে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইন গণমাধ্যমে নিবন্ধন দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা সব রিপোর্ট এখনো পাইনি। পেলে খুব তাড়াতাড়ি কিছু অনলাইন নিবন্ধন পেয়ে যাবে।’
সংবাদ সম্মেলনে নতুন তথ্যসচিব কামরুন নাহার ও প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার উপস্থিত ছিলেন।