
বাংলাদেশে এখন গণতন্ত্র নির্বাসিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন বিপন্ন হয়ে পড়েছে। গণতন্ত্রে উত্তরণের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল এসব কথা বলেন।
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। খালেদা জিয়া বেলা সাড়ে ১১টার দিকে জিয়ার কবর প্রাঙ্গণে আসেন। এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, জাসাস, সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা-কর্মীরা স্লোগান দেন। পরে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া ও অন্য নেতারা। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আবদুল মঈন খানসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির মূল চ্যালেঞ্জ গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। জনগণের ভোটের যে অধিকার, বাক্-স্বাধীনতা, জনগণের সংগঠন করার স্বাধীনতা, মৌলিক অধিকার ফিরিয়ে নিয়ে আসাই বিএনপির বড় কাজ।’ তিনি বলেন, ‘জিয়াউর রহমান শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, শুধু একজন সৈনিক ছিলেন না, একজন রাজনীতিক ছিলেন না, তিনি ছিলেন একজন বহুমুখী গুণের অধিকারী ক্ষণজন্মা নেতা। রাষ্ট্রনায়ক। দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ শুরু করেছিলেন। আজকের এই দিনে তাঁকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’
শেরেবাংলা নগর থেকে জিয়াউর রহমানের কবর সরানো নিয়ে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এটা সরকারের বিভিন্ন চালের একটা অংশ। জনগণের মধ্যে এই বক্তব্যটা দিয়ে দেখছে যে প্রতিক্রিয়া কী। সরকারের কাছে বলব, এসব বক্তব্য থেকে দূরে থেকে দেশের সংকট মোচনে এগিয়ে যান। সর্বদলীয় একটা কনফারেন্সের মাধ্যমে ভবিষ্যতে কীভাবে নির্বাচন হবে, সংকট মোচন করা যায়, সেদিকে সচেষ্ট হোন।’
জাতীয় পার্টির পরিস্থিতি সম্পর্কে নোমান বলেন, ‘আসলে জাতীয় পার্টি কখনো জাত পার্টি হিসেবে ফর্ম করে নাই। সেটা সব সময় হুসেইন মুহম্মদ এরশাদ অথবা তার স্ত্রী অথবা এর মধ্যে কিছু ষড়যন্ত্রকারী নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে, আবার মিটমাট করে নেয়। এখনো আমার মনে হয়, ফলাও করে তাদের অবস্থান দেখছি, সে রকম কিছু হবে না। কারণ, এখানে ভাগ-বাঁটোয়ারার ব্যাপার। এখানে হয়তো কেউ ফিফটি পার্সেন্টে রাজি হচ্ছে না, তাকে সিক্সটি পার্সেন্ট দিলে সে খুশি হয়ে গেল।’ জাপাকে বিএনপির আন্দোলনে আমন্ত্রণ জানানো হবে কি না— এ বিষয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার জন্য আমরাই সবাইকে আবেদন জানাচ্ছি। ব্যক্তি বা গোষ্ঠীকে নয়, সবাইকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি।’