প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কারাগারের মধ্যে রয়েছে। স্বাধীনতা ও গণতন্ত্রের শক্তিকে কাজে লাগিয়ে এখান থেকে বের হয়ে আসতে হবে। এ জন্য দলীয় নেতা-কর্মীদের আরও সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ হয়ে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে।
কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজীবাড়িতে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দুপুরে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, নদীর মাছসহ ফসলের ক্ষতি হবে। পরিবেশবিদ, চিন্তাবিদ, দেশীয় ও আন্তর্জাতিক গবেষকেরা এ প্রকল্পের বিরুদ্ধে মত দেওয়া সত্ত্বেও সরকার গায়ের জোরে তা করছে।’