বাংলাদেশের সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। এই অপশক্তিকে রুখতে হলে সংবিধানের অন্যতম স্তম্ভ ধর্মনিরপেক্ষতাকে সামনে রেখে আদর্শিক লড়াই চালাতে হবে। সে লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ কৌশল নিতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘বাংলাদেশে সন্ত্রাসের বহুমুখিনতা: গণতন্ত্র-মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের চ্যালেঞ্জ’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন। তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে সভাটির আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

গতকাল ছিল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হত্যাচেষ্টার ২৫তম বার্ষিকী। ওয়ার্কার্স পার্টি দিনটিকে সন্ত্রাসবিরোধী দিবস হিসেবে পালন করে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, জঙ্গিবাদের বিকাশ নানাভাবে ঘটছে। সন্ত্রাসের এই বিভিন্ন রূপের বিরুদ্ধে লড়াইটি আদর্শিক লড়াই। এই লড়াইয়ে জিততে হলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, আদর্শিকভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই না করতে পারলে সন্ত্রাস নির্মূল করা যাবে না। সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, হেফাজতে ইসলাম বা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপসের ধারায় কোনো লাভ হবে না। তিনি ২৫ বছরেও মেনন হত্যাচেষ্টার তদন্ত ও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘ধর্মনিরপেক্ষতা না থাকলে একটি দেশ আধুনিক হতে পারে না। ধর্মনিরপেক্ষতাকে সবাই চ্যালেঞ্জ করছে, সেটিকেও সন্ত্রাসের মধ্যে ধরতে হবে। আওয়ামী লীগের ভেতরে থেকে চ্যালেঞ্জ আসছে, তাদের হেফাজতপ্রীতি দেখেছি। বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল সেটাও আগেই প্রমাণ হয়েছে। যার যার অবস্থান থেকে লড়াই চালাতে পারলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব হবে।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বক্তব্য দেন। সভায় সন্ত্রাসবাদের বিকাশ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ। সভা সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল হাসান।