রওশন–খালেদার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে দৃঢ়: মজীনা
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে দৃঢ়।
গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তাঁর বাসায় বিদায়ী সাক্ষাৎ করেন মজীনা। পরে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। সম্পর্কের দৃঢ়তা বোঝাতে গিয়ে মজীনা ‘এভার বিফোর’ শব্দটি পর পর তিনবার উচ্চারণ করেন। সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে প্রায় এক ঘণ্টা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন মজীনা। তাঁর স্ত্রীও এ সময় সঙ্গে ছিলেন।
মজীনা সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সঙ্গে এটি ছিল তাঁর বিদায়ী সাক্ষাৎ। খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। সব দলের যে রাজনৈতিক জায়গা তা শান্তিপূর্ণভাবে ব্যবহার করা দরকার। তিনি বাংলায় বলেন, ‘আবার দেখা হবে।’ তিনি জানান, আগামী বছরে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে আসতে চান।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের আগে মজীনা দেখা করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে। গুলশানে রওশনের বাসায় প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি। সেখান থেকে বের হয়েও মজীনা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সবচেয়ে দৃঢ়। এটি কোনো কূটনৈতিক ভাষ্য নয়, এটি একেবারে সত্যি কথা। এর অংশীদার হতে পেরে তিনি নিজেও গর্বিত।
বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম বলেন, এ বৈঠকে জিএসপি, তৈরি পোশাকশিল্পসহ বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।