বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে দৃঢ়: মজীনা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে দৃঢ়।
আজ বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তাঁর বাসায় বিদায়ী সাক্ষাৎ করেন মজীনা। পরে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। বর্তমান সময়ের সম্পর্কের দৃঢ়তা বুঝাতে গিয়ে মজীনা ‘এভার বিফোর’ শব্দটি পরপর তিনবার উচ্চারণ করেন।
আজ সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে প্রায় এক ঘণ্টা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন মজীনা। তাঁর স্ত্রীও এ সময় সঙ্গে ছিলেন।
মজীনা সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সঙ্গে এটি ছিল তাঁর বিদায়ী সাক্ষাৎ। খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। সব দলের যে রাজৈনতিক জায়গা, তা শান্তিপূর্ণভাবে ব্যবহার করা দরকার।
বাংলাদেশ ও এ দেশের সাধারণ মানুষের প্রশংসা করে মজীনা আরও বলেন, তিনি বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বিনিময় করেছেন। বিশেষ করে স্বাস্থ্য খাতে, পরিবার পরিকল্পনায় বাংলাদেশ বিপ্লব ঘটিয়েছে। তিনি নিজের চোখে যা দেখেছেন, তা অবিশ্বাস্য গল্পের মতো। বাংলাদেশ হচ্ছে এশিয়ার এমাজিং টাইগার।
শেষে মজীনা বাংলায় বলেন, ‘আবার দেখা হবে।’ তিনি জানান, আগামী বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে আসতে চান।
এর আগে আজ বিকেলে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে মজীনা। বিকেল সাড়ে চারটার দিকে সাক্ষাতের জন্য রওশন এরশাদের গুলশানের বাসভবনে যান মজীনা। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী তাঁদের বৈঠক চলে।