বাইরের মতাদর্শে উদ্বুদ্ধ হলেও ঢাকার জঙ্গিরা বেড়ে উঠেছে দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উগ্রবাদী আদর্শের দূরবর্তী আহ্বানে উদ্বুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে আগে থেকে সতর্ক থাকা এবং একই সঙ্গে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকদের বেসামরিক অধিকার নিশ্চিত করা প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
যুক্তরাষ্ট্রের ইন্টারনেটভিত্তিক সংবাদ পোর্টাল ইউএসনিউজে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই মত প্রকাশ করেছেন। ‘হোমগ্রোন টেরর’ শিরোনামে গত শুক্রবার তাঁর ওই নিবন্ধ প্রকাশিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী তাঁর লেখায় গুলশানের হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলা ও বিশ্বের আরও কয়েকটি স্থানের হামলার বৈশিষ্ট্য নিয়ে বিশ্লেষণ করেছেন।
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার পর মার্কিন মননে পরিবর্তনের প্রসঙ্গ টেনে মাহমুদ আলী বলেন, ঢাকায় হামলার পর শোকগ্রস্ত বাংলাদেশেও কোনো কিছুই আর আগের মতো থাকবে না। তবে ওই হামলা ধর্মনিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক, সহনশীল রাষ্ট্রের লালিত স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশিদের প্রত্যয়কে আরও সুদৃঢ় করেছে।
তাঁর মতে প্যারিস, ব্রাসেলস, ইস্তাম্বুল ও নিস শহরের মতো ঢাকার সহিংস জঙ্গি হামলার ঘটনাও দূরবর্তী উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত দেশের ভেতরে বেড়ে ওঠা সন্ত্রাসীদের কাজ। যুক্তরাষ্ট্রের সান বারনারডিনো ও অরল্যান্ডোতে নির্বিচারে গুলিতে হত্যার দুঃখজনক ঘটনার বৈশিষ্ট্যও একই ধরনের।
মাহমুদ আলী বলেন, ‘ইন্টারনেট ও স্মার্টফোনের সহজলভ্যতার কল্যাণে আইএস ও আল-কায়েদার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলো বিশ্বজুড়ে অভূতপূর্ব নেটওয়ার্ক গড়ে তুলেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কোনো দেশে আতঙ্ক ছড়াতে তাদের এখন সেখানে গিয়ে ঘাঁটি গাড়ার প্রয়োজন হয় না। এর পরিবর্তে প্রচারণামূলক ভিডিও মেসেজ বোর্ডের মাধ্যমে তারা লোকজনকে দলে টানে। সম্ভবত ঢাকার হামলাকারীরাসহ দলে ভেড়া এসব লোকের কেউ কেউ দূরের এসব ডাকে সাড়া দিয়ে প্রশিক্ষণের জন্য সন্ত্রাসীদের ঘাঁটি এমন দেশগুলোতেও যায়। কেউ কেউ আবার দেশ না ছেড়ে ইন্টারনেটের মাধ্যমে অশুভর মধ্যে নিজেকে আত্মমগ্ন করে নাম কামানোর জন্য বহু দূরের ওইসব জঙ্গিগোষ্ঠীর নামে দেশে সহিংস হামলা চালায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরাই হচ্ছে সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসবাদী। দূরবর্তী উগ্রবাদের ডাক আসার আগ পর্যন্ত তারা তাদের শিকারের পাশেই অবস্থান করে। আগে থেকে এ ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক থাকা এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকদের বেসামরিক অধিকার একই সঙ্গে নিশ্চিত করার প্রায় কোনো উপায় নেই বললেই চলে। এটা বিশেষ করে সেই পরিস্থিতিতে আরও সত্য, যখন সমাজের সুবিধাভোগী মূলধারার মতো সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে সন্ত্রাসীদের উত্থান ঘটে। হলি আর্টিজান বেকারির হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন মধ্যবিত্ত তরুণ ছিলেন, যাঁরা ভালো পরিবারের মেধাবী ছাত্র। একইভাবে যুক্তরাষ্ট্রে ডালাসের পাঁচ পুলিশ কর্মকর্তার হত্যাকারী মিকা জনসন, ব্যাটন রোজে তিন পুলিশের হত্যাকারী গেভিন লং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য ছিলেন এবং তাঁরা দেশ ও জনগণকে রক্ষায় শপথও নিয়েছিলেন।
তাঁর মতে, বাংলাদেশের প্রায় সব উগ্রবাদী হামলাকারীর ক্ষেত্রে মিলের বিষয়টি হচ্ছে, তারা সরকারবিরোধী স্থানীয় গোষ্ঠীর সদস্য। তারা আইএস বা বাংলাদেশের বাইরের উগ্রবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কের দাবি করতে পারে। তবে এই দাবি প্রধানত তাদের মধ্যে সামঞ্জস্য থেকে। তাদের লক্ষ্য এক থাকতে পারে। যেমন নারী ও সংখ্যালঘুর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও উপাসনার স্বাধীনতার সমর্থক সাংবিধানিক গণতন্ত্রকে তারা সবাই ধ্বংস করতে চায়। তবে বাংলাদেশের জঙ্গিরা পুরোপুরি দেশের ভেতরেই বেড়ে উঠেছে।
পররাষ্ট্রমন্ত্রী ১৯৭৫ সালের আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, দেশের ভেতরে বেড়ে ওঠা সন্ত্রাসের সঙ্গে বাংলাদেশ খুব ভালোভাবেই পরিচিত। কারণ, জন্মের মাত্র চার বছর পরই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিপথগামী সদস্যরা দেশের বাইরে থাকা বঙ্গবন্ধুর দুই মেয়ে ছাড়া তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। আর ৪১ বছর পর যখন বঙ্গবন্ধুর মেয়েদের অন্যতম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলি আর্টিজানের ঘটনার হতাহতদের মা-বাবার সমবেদনা দেখান, খুব কম মানুষই তাঁর মতো করে এই অনুভূতি প্রকাশ করতে পারেন। একই সঙ্গে ‘দেশের ভেতরে বেড়ে ওঠা’ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখতে তার চেয়ে বেশি সক্ষম বা দৃঢ়প্রতিজ্ঞ কেউ নেই।