বাউফলে আ.লীগের দুই পক্ষের পৃথক কর্মসূচি পালন
পটুয়াখালীর বাউফল উপজেলায় চিফ হুইফ ও মেয়রের পক্ষ গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি আলাদাভাবে পালন করেছে।
আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভা ও কাঙালিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও সরকারদলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ। এদিকে বাউফল পৌরসভার মেয়র ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য জিয়াউল হক পৌরভবনের সামনে পৃথকভাবে আলোচনা সভা ও কাঙালিভোজের আয়োজন করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘তিনি (মেয়র) আওয়ামী লীগের কেউ না।’
মেয়র জিয়াউল হক নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক দাবি করে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কমিটিতে জায়গা পাইনি। এ কারণে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে পৃথকভাবে কেন্দ্রীয় সব কর্মসূচি পালন করছি।’