বাউফলে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফারুক আহম্মেদ তালুকদারের বাসভবনে আজ মঙ্গলবার দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করেছে।
অপর পক্ষ উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুল আহসানের নেতৃত্বে ফারুক আহম্মেদ তালুকদারকে বহিষ্কারের দাবিতে স্থানীয় সরকারি পাবলিক মাঠে সমাবেশের ডাক দিয়েছে। স্থানীয় ও দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুনির হোসেন বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে এই আসন থেকে একবার মাত্র ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী শহিদুল আলম তালুকদার বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। অথচ তাঁকেসহ বিএনপির অনেক ত্যাগী নেতা-কর্মীকে না জানিয়ে টাকার বিনিময়ে পকেট কমিটি গঠনের উদ্দেশ্যে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মনিরুল আহসান বলেন, গত দেড় বছরের আন্দোলন-সংগ্রামে ফারুক আহম্মেদ তালুকদার আত্মগোপনে ছিলেন। তা ছাড়া তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি এবং তাঁর পেশা ব্যবসা। ফারুক আহম্মেদ তালুকদার আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। এ কারণে তাঁকে বহিষ্কারের দাবিতে তিনি সমাবেশের ডাক দিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ফারুক আহম্মেদ তালুকদারের মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি কেটে দেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান তালুকদারের মুঠোফোনে কল করলেও তিনি কেটে দেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. অলিয়ার রহমান বলেন, ফারুক আহম্মেদ তালুকদার এলাকায় না এলেও তাঁর নেতৃত্বেই উপজেলা বিএনপি সংগঠিত আছে। যাঁরা তাঁর (ফারুক) বহিষ্কার দাবি করে সমাবেশের ডাক দিয়েছেন, তাঁরাও এলাকায় ছিলেন না। আন্দোলন-সংগ্রামের বিষয়ে তিনি বলেন, শুধু বাউফলে নয়, সারা দেশেই ক্ষমতাসীন দলের দমন-নিপীড়নের কারণে তা সম্ভব হয়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, ‘শুনেছি। এ বিষয়ে কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। তবে সব ধরনের সহিংসতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।’