বাউলশিল্পী যখন প্রার্থী
‘চার তরিকার শহিদুল ভাই, ঘোড়া মার্কায় ভোট চাই। যাঁর ভোট নাই, তাঁর কাছে দোয়া চাই।’ হাটেমাঠে, গ্রামেগঞ্জে এভাবে গান গেয়ে ভোট চাচ্ছেন বাউল শহিদুল ইসলাম। তাঁর প্রতীক ঘোড়া। কড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী।
গত রোববার দুপুর ১২টার দিকে ভারতের আসাম সীমান্তঘেঁষা পাটেশ্বরী বাজারে গিয়ে দেখা যায়, শহিদুল ইসলাম নামের ওই প্রার্থীর পোস্টারে এলাকা ছেয়ে গেছে। অন্য প্রার্থীদের পোস্টার খুব কম। প্রার্থী সম্বন্ধে জানতে চাইলে লোকজন দোকানের সামনে একতারা নিয়ে গান গাওয়ায় মগ্ন শহিদুল ইসলামকে দেখিয়ে দেয়। গান গেয়ে ভোট চাচ্ছেন তিনি। পরনে সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। গলায় পুঁতির মালা।
শহিদুল ইসলাম বলেন, ‘গানের শিল্পী মমতাজ যদি এমপি হন, অভিনেত্রী তারানা হালিম যদি মন্ত্রী হন, আমি বাউল কেন চেয়ারম্যান হইতে পারুম না। পাগলা শহিদুল দাঁড়ায় না, জনগণ ছাড়ে না। কিবা লিলা লেখা আছে, প্রার্থীরা জানে না।’
শহিদুল ইসলাম আরও বলেন, ‘নৌকা মার্কার প্রার্থী হইতে চাইছিলাম। হেরা দাম দিল না। এবার দ্যাখো ঠ্যালা। জনগণ হুকুম দিছে দাঁড়াইছি। আমি বাউল মানুষ। সারা দিন গান শুনাইয়া মানুষকে আনন্দ দিই। আমি নির্বাচিত হইলে জনগণ গান শুনতে পারবে। আমি চার তরিকার মানুষ। তাই গানে তরিকা আসে। এগুলো হলো চিশতিয়া, নকশেবন্দী, মুজাদ্দেদিয়া ও কাদেরিয়া।’
গানের আসরে উপস্থিত গছিডাঙ্গা গ্রামের আমিনুল ইসলাম, পাইকের ছড়া গ্রামের কালু ও সাজু বলেন, ‘বাউলের পেশা গান। বিভিন্ন জায়গা যায়া গান করে। যে যা দেয় তাই দিয়ে সংসার চলে। স্থানীয় কিছু গানপাগল মানুষ চাঁদা দিয়া তাঁকে চেয়ারম্যান পদে দাঁড় করায়ে দিছে।’
দেলোয়ার হোসেন নামের একজন রিকশাচালক বলেন, ‘এক হাজার পোস্টার দিছে শ্রমিক ইউনিয়ন। ডেরাইভার ও হেলপাররা তাঁর গান খুব পছন্দ করে। যাই কন ভাই হ্যায় দাঁড়েয়া খুব আনন্দ হইছে। ভোটাররা আনন্দ পাইতাছে।’
ভূরুঙ্গামারী উপজেলার সাতটি ইউপির ভোট ৩১ মার্চ। পাইকের ছড়া ইউপিতে চেয়ারম্যান পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রাজ্জাক সরকার (লাঙল), লুৎফর রহমান (নৌকা), আবদুর রহিম (ধানের শীষ) ও আবদুল জব্বার সরকার (আনারস)।