বাকশাল প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা হচ্ছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার উদ্দেশ্যে বর্তমানে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তাঁরা বলেন, গণতন্ত্রের মুক্তির আন্দোলন থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টায় এ কাজ করা হচ্ছে। দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানান তাঁরা।
গত শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এক ভার্চ্যুয়াল সভায় দলের নেতারা এসব কথা বলেন। সভার সিদ্ধান্ত নিয়ে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

দুর্গাপূজায় সরকারি দল ও প্রশাসনের প্রত্যক্ষ-পরোক্ষ প্রশ্রয়ে সারা দেশে সহিংসতা হয়েছে অভিযোগ করে বিএনপির নেতারা বলেন, সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রায় ২২টি জেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাসহ প্রায় ১২ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রায় ২০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।

বিএনপির স্থায়ী কমিটির সভায় জানানো হয়, আইএমএফের হিসাবে বাংলাদেশে এ বছরের জুনের শেষ দিকে ৪০ বিলিয়ন ডলারের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকার কথা, সরকার তা ১৫ শতাংশ বাড়িয়ে বলেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তথ্য জালিয়াতি দেশে সামগ্রিক অর্থনৈতিক চিত্র সম্পর্কে সরকারের মিথ্যাচারের নিকৃষ্ট উদাহরণ। বিএনপির অভিযোগ, বিভিন্ন খাতের কল্পিত তথ্য প্রচার করে দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি অলীক চিত্র তৈরি করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ করোনাভাইরাস প্রতিরোধের টিকাদানে পিছিয়ে উল্লেখ করে সরকারকে প্রয়োজনীয় টিকা সংগ্রহের আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা।

সাংগঠনিক কার্যক্রমে পুলিশের বাধার কথা উল্লেখ করে বিএনপির নেতারা বলেন, বিরোধী দলের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে বাধা দিয়ে সরকার গণতন্ত্রের পরিবেশ সংকুচিত করছে ও বহুদলীয় গণতন্ত্রের পথ বন্ধ করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চক্রান্ত করছে। প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পথ সুগম করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

বিএনপির স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।