বাকি দুই বছর দুই মাস সময় কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে গতকাল গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির শীর্ষ নেতারা l ছবি: বাসস
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে গতকাল গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির শীর্ষ নেতারা l ছবি: বাসস

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, হাতে আর দুই বছর দুই মাস সময় রয়েছে। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তাই এই সময়কে সর্বাত্মকভাবে ব্যবহার করতে হবে।

 শেখ হাসিনা আবার দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীতে আসা হাজারো নেতা-কর্মী তাঁকে অভিনন্দন জানাতে গতকাল সোমবার বিকেলে গণভবনে হাজির হন। এ সময় শেখ হাসিনা এ কথা বলেন।

শেখ হাসিনা দেশব্যাপী দলকে আরও শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা গতকাল বিকেল চারটায় ফুলের তোড়া নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের প্রধান গেটে সমবেত হন।

অষ্টমবারের মতো দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এ সময় জনগণের সমর্থন পাওয়ার লক্ষ্যে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কল্যাণে তাঁর সরকারের বাস্তবায়িত কর্মকাণ্ডের তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা যদি জনগণের ভোট চাই তাহলে আমরা তাদের জন্য যা করেছি তা সাধারণ মানুষকে জানাতে হবে। জনগণের দ্বারে দ্বারে গিয়ে বোঝাতে হবে, একমাত্র আওয়ামী লীগের পক্ষেই দেশের উন্নয়ন করা সম্ভব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘নেতা–কর্মীদের গণমানুষের পাশে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা, যাতে তাদের ভাগ্যের পরিবর্তন হয়।’

দারিদ্র্য বিমোচনে তাঁর সরকারের সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, অনেকে দারিদ্র্যকে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার কথা বলে। কিন্তু তারা দারিদ্র্য বিমোচনের নামে শুধু গরিব মানুষের রক্ত শোষণ করে। সন্ত্রাস ও জঙ্গিবাদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশে এ দানবের বিস্তার রোধে সব মসজিদ-মাদ্রাসার সঙ্গে নিজেদের যুক্ত রাখতে দলের নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান।