বাকেরগঞ্জে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন গতকাল শনিবার ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয়। দলের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে গত শুক্রবার রাত ৮টা থেকে গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় ঘরোয়া পরিবেশে এ সম্মেলন হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ আবুল হোসেন খানের বাসভবন চত্বরে বেলা ১১টার দিকে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এদিকে দুই পক্ষের মধ্যে বিরোধ থাকায় এ সম্মেলনে যোগ দেননি বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। উপস্থিত হননি প্রধান বক্তা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ সম্মেলন প্রতিহত করার ঘোষণা দিলেও গতকাল তাঁদের তৎপরতা দেখা যায়নি।
সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যাঁরা সম্মেলনের বিরোধিতা করছেন, তাঁরা মূলত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আবুল হোসেন খানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশারফ হোসেন প্রমুখ।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির ১ নম্বর সদস্য খলিলুর রহমান বলেন, পুলিশের সঙ্গে আঁতাত করে সম্মেলনের মাধ্যমে ‘পকেট কমিটি’ গঠনের পাঁয়তারা চলছে। তাঁরাও পাল্টা কমিটি গঠন করে জেলা বিএনপির কাছে জমা দেবেন।