বাগমারার শ্রীপুর ইউনিয়নে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ প্রার্থীর অব্যাহত হুমকি, হামলা ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচনের এক দিন আগে রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী আকবর আলী মল্লিক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি দলের নেতা-কর্মীদের নিরাপত্তারও দাবি জানিয়েছেন। আকবর আলী শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এখানে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি মকবুল হোসেন মৃধা।

উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে গতকাল রোববার সন্ধ্যায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আকবর আলী এই ঘোষণা দেন। এর আগে তিনি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, তাঁর পক্ষে কোনো প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। রোববার দুপুর থেকে চেয়ারম্যানের ক্যাডাররা অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছে। ভোট থেকে সরে না গেলে গুলি করে মেরে ফেলা হবে বলেও তাঁকে হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, চেয়ারম্যানের ছেলে সোহাগ আলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। একটি হত্যা মামলার আসামিও। এ ছাড়া কিছুদিন আগেই সে দুই মাসের সাজাভোগের পর কারাগার থেকে বেরিয়ে এসেছে।

আকবর আলী আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের হুমকি দিয়ে আসছেন। বিভিন্ন পথসভায় বিএনপির ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্যও হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের সহযোগিতা চেয়েও পাননি। গতকাল দুপুরে আওয়ামী লীগ প্রার্থী মকবুল হোসেন প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার পর তিনি একাধিকবার মুঠোফোনে ও পরে সশরীরে থানায় গিয়ে অভিযোগ দেন। তবে পুলিশ নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কথা বলে অভিযোগ না নিয়ে তাঁকে ফিরিয়ে দেয়। এর আগেও তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

রাজশাহীর সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আসলাম উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ আগেও পুলিশের কাছে ছিল। পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সটকে পড়ে। তবে কোনো প্রার্থী নির্বাচন বর্জন করলে তা তাঁর নিজস্ব ব্যাপার। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।

এই বিষয়ে শ্রীপুর ইউনিয়নের প্রার্থী মকবুল হোসেন মৃধার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।