বাগমারার সাবেক জামায়াত নেতার আ.লীগে যোগদান
আওয়ামী লীগের ‘আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে’ দলটিতে যোগ দিয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম। ক্ষমতাসীন দলটিতে বিএনপির ৬৮ জন ও জামায়াতের ১৬ জন নেতা-কর্মীও যোগ দেন।
নেতা-কর্মীদের যোগদান উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরের ভবানীগঞ্জে বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জামায়াতের সাবেক নেতার যোগদান প্রসঙ্গে আওয়ামী লীগের উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মতিউর রহমান বলেন, ‘জামায়াতের অনেকে ভালো আছেন। তাই বেছে ও তাঁর সম্পর্কে জেনেশুনে তাঁকে দলে নেওয়া হয়েছে।’
আর জামায়াতের উপজেলা শাখার আমির সিরাজ উদ্দিন বলেন, ‘এক বছর আগে থেকে মাওলানা নূরুল ইসলামের সঙ্গে আমাদের সাংগঠনিক কোনো সম্পর্ক নেই।’
বাগমারায় বিগত সময়ে সর্বহারা-জঙ্গিদের উত্থানের জন্য সংবাদ সম্মেলনে বিএনপি জোট সরকারকে দায়ী ও সমালোচনা করেন নূরুল ইসলাম। পরে আওয়ামী লীগের উপজেলা ও মাড়িয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে দলে নবাগতদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার শিক্ষক নূরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের আদর্শ ও কার্যক্রম ভালো লাগায় যোগ দিয়েছি। যত দিন বেঁচে থাকব আওয়ামী লীগই করব।’ দলে যোগ দেওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই বলেও দাবি করেন তিনি। তবে নূরুল ইসলামের দলে যোগ দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।