বাগমারার ১৬ ইউপি নির্বাচনে তিন নারীর মনোনয়ন ফরম সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিন নারী প্রার্থী মনোনয়ন চেয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপি থেকে নির্বাচন করার জন্য তাঁরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বড় দুই দল থেকে মোট ১১৬ জন মনোনয়ন চেয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৫৬ ও বিএনপির ৬০ জন।
আগামী ৭ মে চতুর্থ ধাপে উপজেলার ১৬ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানিয়েছেন। আওয়ামী লীগ ৯ মার্চ এবং বিএনপি ১১ মার্চ প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ করেছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করে। এর মধ্যে বিএনপি প্রতিটি ফরম এক হাজার টাকায় বিক্রি করলেও আওয়ামী লীগ বিনা মূল্যে তা বিতরণ করে। সম্ভাব্য প্রার্থীরা দলের উপজেলা শাখার শীর্ষ নেতাদের কাছ থেকে ফরম সংগ্রহ করেন।
পুরুষ প্রার্থীদের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনজন নারী প্রার্থীও মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে বিএনপি থেকে দুজন এবং আওয়ামী লীগ থেকে একজন। এঁরা হলেন আউচপাড়ায় আওয়ামী লীগের সেলিনা রহমান, বিএনপির রাশিদা খাতুন এবং যোগিপাড়ায় বিএনপির আরজুমান লিপি। এঁদের কেউ ইতিপূর্বে নির্বাচনে অংশ নেননি। তাঁরা পেশায় গৃহিণী। তাঁরা জানান, দলের প্রধানেরা নারী, তাঁদের যথার্থ মূল্যায়নের আশায় নতুন অভিজ্ঞতা নিয়ে মনোনয়ন চেয়েছেন। তবে দল তাঁদের মনোনয়ন দেবে বলে আশা করছেন।
বিএনপির উপজেলা শাখার সভাপতি মকলেছুর রহমান জানান, দুজন নারী প্রার্থী সরাসরি নির্বাচনে লড়াই করার জন্য মনোনয়ন চেয়েছেন। তাঁদের প্রত্যাশা ও দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখনো প্রার্থিতা চূড়ান্ত করা হয়নি।
নারী প্রার্থীদের মনোনয়ন চাওয়াকে ভালো দিক উল্লেখ করে আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি সাংসদ এনামুল হক জানান, তিনি একাধিকবার ঘোষণা দিয়েছেন, দলে যোগ্য প্রার্থী পাওয়া গেলে তাঁকেই মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।