রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডের দুই নারী সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ আওয়ামী লীগের ওয়ার্ড শাখার সভাপতিসহ চারজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের দুই নারী সদস্যপ্রার্থী আসমা বেগম ও আঞ্জুয়ারা খাতুনের সমর্থকদের মধ্যে গত সোমবার রাতে বিজয় মিছিল করা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। আঞ্জুয়ারা খাতুন নির্বাচনে বিজয়ী এবং আসমা বেগম পরাজিত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে আসমা বেগমের দেবর নজের আলী মরুগ্রাম বাজারে এলে আঞ্জুয়ারা খাতুনের সমর্থকেরা হামলা চালান। এতে তিনি আহত হন। এ নিয়ে সকালেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন একে অন্যের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে সাতজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বিজয়ী প্রার্থীর লোকজন সংঘবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগ করেন। এতে বাড়িঘর পুড়ে যায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে উভয় পক্ষের চারজনকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে পরাজিত প্রার্থীর স্বামী আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি নজরুল ইসলাম রয়েছেন।
আসমা বেগম বলেন, প্রতিপক্ষ লোকজন সংঘবদ্ধ হয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের ইন্ধনে এই হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁরা নিজেরাই বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছেন।
বাগমারা থানার ওসি সেলিম হোসেন বলেন, কোনো পক্ষ এখনো মামলা করেনি। তবে চারজনকে আটক করা হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।