কেন্দ্রীয় নেতারা চান সমঝোতা। কাউন্সিলররা চান গোপন ব্যালটের মাধ্যমে ভোট। এ নিয়ে নেতাদের সঙ্গে কাউন্সিলরদের বাগ্বিতণ্ডা হয়। পরে গোপন ব্যালটের মাধ্যমেই গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচিত হয়।
এতে সভাপতি পদে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক পানিসম্পদমন্ত্রী ও বিদায়ী কমিটির সভাপতি ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। তিনি পেয়েছেন ১০২ ভোট। সাধারণ সম্পাদক পদে বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মু. সাদেক কুরাইশী ১২০ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মঈন পেয়েছেন ৯৭ ভোট।
ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়। এই অধিবেশন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কাউন্সিল অধিবেশন পরিচালনার দায়িত্ব দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে দিয়ে প্রথম অধিবেশন শেষ করান।
দ্বিতীয় অধিবেশনে হানিফ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে দায়িত্ব দিয়ে অধিবেশনস্থল ত্যাগ করেন। পরে খালিদ মাহমুদ চৌধুরী জেলা কমিটির নেতৃত্ব সমঝোতার মাধ্যমে নির্বাচিত করার প্রস্তাব দেন কাউন্সিলরদের। সে সময় মিলনায়তনে উপস্থিত কাউন্সিলররা চিৎকার করে তাঁর প্রস্তাবের প্রতিবাদ জানান। কেন্দ্রীয় নেতারা তাঁদের কথা শুনতে না চাইলে একপর্যায়ে গোটা মিলনায়তনে হট্টগোল শুরু হয়ে যায়।
নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কাউন্সিলর ও কেন্দ্রীয় নেতাদের ঘণ্টা দুয়েক বাগ্বিতণ্ডা হয়। এরপর রাত সাড়ে নয়টার দিকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। জেলার ছয়টি সাংগঠনিক শাখার ২২৪ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ ও সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর সহায়তায় সতীশ চন্দ্র রায় নির্বাচিত নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
কমিটির নতুন নেতৃত্ব ঘোষণার পর কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের একটি ঐতিহ্য রয়েছে। নেতৃত্ব নির্বাচনে সংগঠনে সব সময় তৃণমূল নেতা-কর্মীদের মতামত প্রাধান্য দেওয়া হয়, যা অন্য কোনো রাজনৈতিক দলে দেখা যায় না।